কক্সবাজারের মহেশখালীতে আকাশে সংঘর্ষের পর বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পর পর বিমানে আগুন ধরে যায়। কক্সবাজার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।
আজ বুধবার সন্ধ্যায় আকাশে সংঘর্ষের পর বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সন্ধ্যার দিকে ঘণ্টাখানেক ধরে রাডার থেকে বিচ্ছিন্ন ছিল বিমান দুটি। এর একটির মডেল ইয়াক-৮। দুটি বিমানে দুজন করে চারজন ছিলেন। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনজনের খোঁজ চলছে।
বিমানবাহিনীর বরাত দিয়ে জানা যায়, বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিধ্বস্ত হওয়ার পর বিমান দুটি দুই জায়গা পড়েছে। একটি মহেশখালীর পালপাড়ায় এবং অন্যটি কম্পনিয়া পাহাড়ি এলাকায় পড়েছে। বিধ্বস্ত হওয়ার পর একটি বিমানে আগুন ধরে যায়। কক্সবাজার ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে।
এছাড়া জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, সন্ধ্যা পৌনে ৭টার পর কক্সবাজারের পুটিবিলা এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছেন তারা।
