অগোচরে সমাধি (পর্ব ৪)




বাড়ীর সামনে বিরাট খৈলানের উপর এসে দীপকের স্বস্তি এলো। খৈলান থেকে সোজা গিয়ে বাড়ী বামের দিকে শুভার ঘর, পূর্বেই দীপকের জানা ছিল। সোজা ঘরের দরজায় গিয়ে শিকল নাড়তে, দরজা খুলে আনন্দে চিৎকার করে জড়িয়ে ধরলো উত্তম: দাদা বাবু আপনি, কি মজা!! দীপক সহাস্য কন্ঠে বললো: কেন উত্তম তোমাদের বাড়ীতে কোন পার্বন আছে নাকি?
উত্তম হাসতে হাসতে বলল: তাই বুঝি আপনি অনেক দিন আসেন না তাই ।
দীপক বলল: ও আচ্ছা আচ্ছা তা তোমরা ভালো আছো তো উত্তম? তোমার বাবা, মা, দিদি কেমন আছে? উত্তম বল্ল: ভালো। আর বলেই বাড়ীর ভিতর দৌড়ে যাচ্ছিল, পাশের ঘরে যেয়ে থেমে গেল।
বাইরে থেকে তার কন্ঠ শোনা যাচ্ছে–: দিদি দেখবে এসো তোমার ঘরে কে এসেছে! শুভা ছোট ভাইয়ের কথায় আগ্রহ ভরে আসতে আসতে বলল: কে-রে কে-এসেছে? উত্তম?
কোন কথা না বলে হাত ধরে ঘরে ঢুকতেই, শুভা দীপককে দেখে শাড়ীর আঁচলে ঘোমটা দিয়ে দরজার এপারে এসে উত্তমকে লক্ষ ̈ করে বলল: উত্তম উনাকে বাইরের ঘরে বসতে-দে। উত্তম দিদির ব্যবহার দেখে অবাক হয়ে চেয়ে আছে। কারণ যতবার দীপকদা এ বাড়ী এসেছে ততবারই দিদির ঘরে থেকেছে। দিদির সাথে রাত জেগে গল্প হাসি ঠাট্টা করেছে। অথচ আজ দিদি দীপকদাকে দেখে ঘোমটা দিলো! আরো বলে কিনা বাইরের ঘরে বসতে দিতে! তাহলে কি দিদি দাদাকে ঠিক চিনতে পারে নাই!
দিদি না চিনলেও সে তো দীপকদা কে চিনেছে। এই গর্বে এগিয়ে গিয়ে হাসতে হাসতে বলল: কাকে বাইরের ঘরে যেতে বলছো দিদি? দীপকদাকে চিনতে পারোনি বুঝি, ও তো দীপকদা।
কথা শেষ না হতেই একটা চড় এসে লাগলো উত্তমের গালে, শুভা উত্তমের গালে চড় বসিয়ে দিয়ে বল্ল: আমার কথার উপর কথা, পাঁজি কোথাকার যা, যা বললাম তাই কর। উনাকে বাইরের ঘরে বসতে দে। দীপক শুনছিল এবং দেখছিল সেও শুভার ব্যবহারে কম আশ্চার্য হয়নি। যতবার এ বাড়ী সে এসেছে ততবার শুভার ঘরই হয়েছে তার ঘর। অথচ আজ তাকে…..।
উত্তমের চোখে জল ছল ছল করছে তার বলার আগেই। উত্তমকে লক্ষ ̈ করে বেশ জড়া গলায় দীপক বলল: উত্তম তোমার দিদিকে বল এ বাড়ী এসে কোন দিন বাইরের ঘরে থাকিনি, আজও থাকবো না। যদি এখানে জায়গা না হয় চলে যাবো। আর তোমাকে চড়টা না মেরে মুখে বললেও আমি চলে যেতাম। বলে বাইরের দরজায় পা বাড়াতেই, শুভা ওপাশের ঘর থেকে বলল: উত্তম উনাকে বল তাদের সম্মান বেশি থাকতে পারে, কিন্তু এ বাড়ীরও কিছু সম্মান আছে, যা অতিথি ফিরে গেলে ক্ষুণ্ণ হবে না। শুভার কথা শুনে দীপক মুহূর্ত দেরি না করে ঘর থেকে বেরিয়ে গেল। শুভাও তাই দেখে ঘর ছেড়ে বেরিয়ে গেল। উত্তম থ হয়ে দাঁড়িয়ে আছে!
দীপকের মন যেন ঝড়ের কবলে পড়ে হেস্তনেস্ত হচ্ছে। সে দ্রুত হেঁটে চলেছে স্টেশনের দিকে। শুভা তাকে এমন করে বলতে পারলো! হঠাৎ কে যেন বল্ল: দাঁড়াও যন্ত্রের মত ঘুরে দাঁড়ালো দীপক। অদূরে একটা ঝোপের আড়ালে দাঁড়ায়ে আছে শুভা।
কোন কিছু বলার সুযোগ না দিয়ে শুভা বলল: নিজের অপমানটা তো বেশ বোঝ, কিন্তু পরের বেলা অমন অন্ধ হও কেমন করে? ফিরে চল মানুষে মন্দ বলবে। দীপক ক…ত্রিম হাসির ভান করে বল্ল:
আমি চলে গেলে তোমাদের মান তো যাবে না, থাকলে বরং ক্ষতিই হবে তাই চলে যাওয়াই ভালো। পিছে পিছে কষ্ট করে আসার জন্য অনেক ধন্যবাদ।
পা বাড়াতেই শুভা ঝোপের আড়াল থেকে ছুটে এসে দীপকের হাত ধরে বাড়ীর দিকে টান দিয়ে বলল: রাস্তায় টানাটানি করে সুনাম কুড়িয়ো না এসো, মন্ত্রমুগ্ধের ন্যায় দীপক ফিরে চললো। শুভা হাত ছেড়ে অন্য পথে চলে গেল।