ইসরায়েল জেরুজালেমের পুরনো শহরের নীচে একটি রেলওয়ে টানেলের নাম ট্রাম্প স্টেশন করার পরিকল্পনা করছে। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেয়ায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাতেই এ পরিকল্পনা করেছে দেশটি।
এ মাসের শুরুর দিকে জেরুজালেম নগরী ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা সারা বিশ্বে নিন্দার ঝড় তৈরি করে। জাতিসংঘের সাধারণ পরিষদে এরকম কোন স্বীকৃতি অকার্যকর ও বাতিলযোগ্য বলে একটি প্রস্তাবও গ্রহণ করা হয়।
ইসরায়েল বলছে, তেল আবিবের সঙ্গে জেরুসালেমের সংযোগ ঘটাতে দ্রুতগতির ট্রেন চলাচলের বর্ধিত অংশ হিসাবেই এই নতুন রেলওয়ে টানেলটি তৈরির পরিকল্পনা করা হচ্ছে।
এর আগে যখন হারাম আল শরিফ এবং পশ্চিম দেয়ালের নীচে খনন কাজ করে ইসরায়েল, সেই ঘটনা ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করে। টানেল তৈরির এই পরিকল্পনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইউনেস্কো।জেরুজালেমের পুরনো শহরটি বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃতি দিয়েছে সংস্থাটি।
