ফরহাদ মজহার ও তাঁর স্ত্রী ফরিদা আকতারের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়া ও হয়রানির অভিযোগে মামলা করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আদাবর থানা এলাকার সংশ্লিষ্ট নন জিআর শাখায় এ প্রসিকিউশন মামলাটি ডাকযোগে পাঠান ডিবি পুলিশের পরিদর্শক মাহাবুবুল ইসলাম।
মিথ্যা অভিযোগ এনে মামলা করার দোষ প্রমাণিত হলে ফরহাদ মজহার ও ফরিদার এই মামলায় সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে।
৭ ডিসেম্বর ফরহাদ মজহার অপহরণ মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে পুলিশ। একই সঙ্গে ফরহাদ মজহার ও ফরিদা আকতারের বিরুদ্ধে মামলা করার অনুমতি চাওয়া হয়। আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে পুলিশকে মামলা করার অনুমতি দেন। ওই আদেশের বিরুদ্ধে আদালতের অবকাশ শেষে জানুয়ারির শুরুতে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করার প্রস্তুতি ছিল ফরহাদ মজহার দম্পতির। তার মধ্যেই পুলিশ মামলা করল।
এর পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক মাহবুবুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। আগামী রবিবার মামলাসংক্রান্ত নথি আদালতে উপস্থাপন করা হবে।
মামলায় পুলিশ বলেছে, গত ৩ জুলাই ফরহাদ মজহার অপহৃত হয়েছেন বলে অভিযোগ এনে ফরিদা আকতার আদাবর থানায় মামলা করেন। ডিবি পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দিয়ে বলে, ফরিদার অভিযোগ সত্য নয়।
গত ৩ জুলাই সকালে রাজধানীর শ্যামলীর বাসা থেকে বেরিয়ে ফরহাদ মজহারের নিখোঁজ হন। তারপর সকালে থানায় মামলা করেন ফরিদা। তাতে তিনি বলেছিলেন, অর্থের দাবিতে তার স্বামীকে তুলে নেওয়া হয়েছিল।এনিয়ে সব মহলে তুমুল আলোচনার মধ্যে ১৮ ঘণ্টা পর গভীর রাতে নাটকীয়ভাবে যশোরে বাস থেকে উদ্ধার করা হয় ফরহাদ মজহারকে। তখন আইনশৃঙ্খলা বাহিনী বলেছিল, ফরহাদ মজহার নিজেই খুলনা গিয়েছিলেন।
আরও পড়ুন;
স্বেচ্ছায় গেছেন ফরহাদ মজহার, অপহরণ নয় :আইজিপি
যেভাবে উদ্ধার পেলেন ফরহাদ মজহার
জবানবন্দি দিতে আদালতে ফরহাদ মজহার
