ইউরোপের শীর্ষ পাঁচ লীগের ব্যতিক্রম কেবল সিরি-আ। যেখানে কেবল প্রতিযোগিতা চলছে, জমেছে শীর্ষে উঠার লড়াই। বাকি চার লীগ – ইপিএল, লা লিগা, বুন্দেসলিগা, লীগ ওয়ান হয়ে উঠেছে এক দলের যুদ্ধ। প্রতিদ্বন্দ্বীতা গড়ে তোলার কেউ নেই। সেই হিসেবে শীর্ষ দলগুলোর সাথে ব্যবধান বাড়ছে প্রতিনিয়ত।
ইংলিশ প্রিমিয়ার লীগ (ইপিএল) :
বলা হয়ে থাকে ইউরোপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতাপূর্ন লীগ ইপিএল। যেখানে কোনো দলের পার্থক্য থাকে না। সব দলই সমানে সমান লড়াই করে। আর সে কারণে লিস্টার সিটির মত নতুন দলও চ্যাম্পিয়ন হয়। সেই প্রথাগত লড়াই থেকে বেরিয়ে এসেছে এবারের মৌসুম। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির সামনে পাত্তাই পাচ্ছে না। ২০ রাউন্ড শেষে লীগে এখন পর্যন্ত অপরাজিত দল তারাই। ১৯ জয়, ১ ড্র নিয়ে ৫৮ পয়েন্টে শীর্ষ স্থানে ম্যান সিটি। তাদের সাথে দ্বিতীয় দলের ব্যবধান চোখ কপালে তোলার মত। দ্বিতীয় স্থানে থাকা তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ব্যবধান ১৫। ১৩ জয়, ৪ ড্র ও ৩ হারে তাদের পয়েন্ট ৪৩। তৃতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ১৩ জয়, ৩ ড্র ও ৪ হার নিয়ে আছে ৪২ পয়েন্টে।
লা লিগা :
মৌসুমের শুরুতে নেইমারের ক্লাব ছেড়ে চলে যাওয়া, স্প্যানিশ সুপার কাপের দুই লেগে রিয়াল মাদ্রিদের কাছে হার – সব ঝড়ঝঞ্ঝাট পেরিয়ে এগিয়ে যাচ্ছে বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত অপরাজিত তারা। তার ফল লীগ টেবিলেও। দ্বিতীয় দলের সাথে পয়েন্ট ব্যবধান ৯-এ গিয়ে ঠেকেছে। ১৭ ম্যাচ শেষে ১৪ জয় ও ৩ ড্র-তে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিল টপ বার্সেলোনা। দুয়ে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৩৬। তারা জিতেছে ১০টি, ড্র ৬ আর হেরেছে ১টিতে। ১০ জয়, ৪ ড্র আর ৩ হার নিয়ে ৩৪ পয়েন্টে তৃতীয় স্থানে ভ্যালেন্সিয়া। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আছে ৪-এ। ১৬ ম্যাচ খেলে তাদের জয় ৯টি, ড্র ৪টি ও হার ৩টি।
সিরি-আ :
পয়েন্ট টেবিলে লড়াই চলছে সমান তালে। প্রতিটি রাউন্ড শেষেই পরিবর্তিত হচ্ছে লীগ টেবিল। ১৮ রাউন্ড শেষে – ১৪ জয়, ৩ ড্র ও ১ পরাজয়ে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাপলি। ১৪ জয়, ২ ড্র, ও ২ হার নিয়ে ঠিক একধাপ পিছনে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৪৪। শেষ তিন ম্যাচের দুইটিতে হার ও একটি ড্র অনেকখানি পিছিয়ে দিয়েছে ইন্টার মিলানকে। ৪০ পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয়তে। এই পয়েন্ট অর্জনে তাদের জয় ১২টি, ড্র ৪টি ও পরাজয় ২টিতে।
বুন্দেসলিগা :
বরাবরের মত বুন্দেসলিগায় এবারও ব্যতিক্রম নয়। বায়ার্ন মিউনিখ তার আধিপত্য দেখাচ্ছে। শুরুতে ছন্দ ছাড়া থাকলেও ফিরেছে জয়ের ধারায়। ১৭ ম্যাচে জয় ১৩ টিতে, ড্র ২টি ও হার ২টি। ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। দ্বিতীয় স্থানে থাকা শাল্কের পয়েন্ট ৩০ ও তিন নম্বরে থাকা বরুসিয়া ডর্টমুন্ড অর্জন করেছে ২৮ পয়েন্ট।
লীগ ওয়ান :
সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে নেইমারকে দলে ভিড়িয়েছে প্যারিস সেন্ট জার্মেই। সাথে তরুণ কিলিয়ান এম্বেপেও নাম লিখিয়েছে পিএসজিতে। তার ফল তারা পাচ্ছে হাতেনাতে। লীগে শীর্ষ দল তারাই। ১৯ ম্যাচে ১৬ জয়, ২ ড্র আর ১ পরাজয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। এর পরে থাকা মোনাকো আছে ৯ পয়েন্ট দূরে। তাদের পয়েন্ট ৪১। সমান সংখ্যক ৪১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তিনি আছে অলিম্পিয়াকস লিওন।
