চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম ক্যালিফোর্নিয়ায় স্বচালিত গাড়ি প্রযুক্তি নিয়ে পরীক্ষা শুরু করেছে। এর আগে ক্যালিফোর্নিয়ায় স্বচালিত গাড়ি প্রযুক্তি নিয়ে পরীক্ষার অনুমোদন পেয়েছে এনভিডিয়া ও স্যামসাং।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকলস স্বচালিত গাড়ি প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালানোর অনুমোদন দেয় প্রতিষ্ঠানটিকে। এর পরই রাস্তায় তাদের উন্নয়নকৃত প্রযুক্তি নিয়ে পরীক্ষা শুরু করে প্রতিষ্ঠানটি। সাধারণত এ ধরনের গাড়ি প্রযুক্তি নিয়ে জনশূন্য রাস্তায় পরীক্ষা চালানো হয়।
বর্তমানে স্বচালিত গাড়ি উন্নয়নে কাজ করছে গুগল ও অ্যাপলের মতো একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান। এরই মধ্যে স্বচালিত গাড়ি প্রযুক্তি উন্নয়নে ইচ্ছা প্রকাশ করেছে আরেক মার্কিন চিপ নির্মাতা ইন্টেল। তবে এখনো নিজেদের প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালানোর অনুমোদন পায়নি প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে কোয়ালকমের অটোমোটিভ পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট নকুল দুগাল বলেন, আমরা স্বচালিত গাড়ি প্রযুক্তি খাতের মূল প্রতিষ্ঠান হওয়ার প্রত্যাশা করছি। পুরোপুরি স্বচালিত গাড়ি নির্মাণ করবে না চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি; বরং গাড়ির জন্য প্রযুক্তি উন্নয়ন করছে। স্যান ডিয়াগো কাউন্টির পর মিশিগান, চীন, জার্মানি, ইতালি ও জাপানেও একই ধরনের প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালানো হবে।
