বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেষ মুহূর্তের উত্তেজনা




বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের এ মৌসুমের শেষ সময়ের লড়াই বেশ জমে উঠেছে। শিরোপার জন্য শেখ জামাল, চট্টগ্রাম আবাহনী ও ঢাকা আবাহনীর ত্রিমুখী লড়াই শেষ মুহূর্তের উত্তেজনা যোগ করেছে লিগে।
১২ দলের এ টুর্নামেন্টে শেষ হয়েছে ১৯ রাউন্ড। এই ১৯ রাউন্ডে ১৪ জয়, ৩ ড্র ও ২ পরাজয় নিয়ে প্রথমে রয়েছে ঢাকা আবাহনী। তাদের পয়েন্ট ৪৫। শেষ ম্যাচ ড্র করে ঠিক এক পয়েন্ট পিছিয়ে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৪৪ পয়েন্ট অর্জনে তারা জিতেছে ১৩টিতে, ড্র করেছে ৫টিতে ও হেরেছে মাত্র ১টিতে।
শেষ রাউন্ডের ম্যাচ ড্র করেছে চট্টগ্রাম আবাহনীও ফলে ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে তারা। তাদের জয় ১৩ টি, ড্র ৪টি এবং হার ২টিতে। বাকি আছে তিনটি রাউন্ড। চতুর্থ অবস্থানে থাকা সাইফ স্পোর্টিংয়ের অর্জন ৯ জয়, ৮ ড্র, ২ পরাজয়ের সাথে ৩৫ পয়েন্ট। তাই শিরোপা জয়ের লক্ষ্যে প্রথম তিনটি দলের জন্যই মূল্যবান শেষ তিন ম্যাচ।
২০ তম ও ২১ তম রাউন্ডে শেখ জামালের প্রতিপক্ষ যথাক্রমে চট্টগ্রাম আবাহনী ও ঢাকা আবাহনী। ২২ তম রাউন্ডে ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনী একে অপরের বিপক্ষে লড়বে। মূলত এই তিন ম্যাচ শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।