গত শনিবার ইরানে সরকারের সমর্থনে বিভিন্ন শহরে হাজারো মানুষ মিছিল করেছে। সরকারের বিরুদ্ধে দুই দিনের বিক্ষোভের পর শনিবার সরকার সমর্থকরা তাদের শক্তি প্রদর্শন করল।
দেখা গেছে, কালো কাপড় পরা সরকারের বিপুল সংখ্যক সমর্থক রাজধানী তেহরান, দ্বিতীয় বৃহত্তম নগরী মাশাদ ও আরো কয়েকটি শহরে জমায়েত হয়েছে। ‘প্রজাবিদ্রোহ’ সমাপ্তির বার্ষিকী উপলক্ষ্যে তারা এই মিছিল বের করে। ২০০৯ সালের বিতর্কিত নির্বাচনের পর ওটাই ছিল সবচেয়ে বড়ো ধরনের অস্থিরতা। কাকতলীয়ভাবে সরকার বিরোধী বিক্ষোভের পরপরই পূর্বনির্ধারিত সরকারপন্থীদের এই মিছিলটি হল।
গত বৃহস্পতিবার মাশাদ থেকে সরকার বিরোধী বিক্ষোভ মিছিল দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। প্রথমিকভাবে দূর্বল আর্থিক ব্যবস্থার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নাগরিকরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে। খুব দ্রুত তা সরকার বিরোধী বিক্ষোভে পরিণত হয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়ে।
এছাড়া শিয়াদের পবিত্র নগরী কোয়ামে শুক্রবার বিকেলে হাজার হাজার মানুষের মিছিল দেখা যায়।
এ সময় মিছিলকারীরা ‘স্বৈরতন্ত্র নিপাত যাক!’ ও ‘রাজবন্দীদের মুক্তি দাও !’ বলে স্লোগান দেয়। এমনকি মিছিলকারীরা সাবেক রাজতন্ত্রের পক্ষেও স্লোগান দেয়।
অন্যান্যরা দেশের অভ্যন্তরের বিভিন্ন সমস্যার দিকে লক্ষ্য না করে ফিলিস্তিনী ও অন্যান্য আঞ্চলিক আন্দোলনে সরকারের সহায়তার নিন্দা জানায়। রাশত, হামেদান, কার্মানশাহ্, কাজভিন ও অন্যান্য নগরীতে বিপুল সংখ্যক মানুষ সরকার বিরোধী মিছিলে অংশ নেয়। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে।
এদিকে বিক্ষোভকারীদের গ্রেপ্তারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা ‘ইরানের জনগণ এবং তাদের মৌলিক অধিকারের দাবি ও দুর্নীতি বন্ধে সমর্থন দিতে সব দেশের’ প্রতি আহ্বান জানিয়েছে।
২০০৯ সালে বিতর্কিত নির্বাচনের পর হওয়া বিক্ষোভের পর এবারের বিক্ষোভকেই জন অসন্তোষের সবচেয়ে গুরুতর ও ব্যাপক অভিব্যক্তি হিসেবে বিবেচনা করছেন পর্যবেক্ষকরা।
বিক্ষোভের শুরুর দিকে অর্থনৈতিক অবস্থা ও দুর্নীতি আন্দোলনকারীদের মনোযোগের কেন্দ্রে থাকলেও পরে তা রাজনৈতিক দিকে মোড় নেয়। দেশজুড়ে বিক্ষোভের জন্য আন্দোলনকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমকেও ব্যবহার করছেন, অন্যদিকে অবৈধ সমাবেশের বিরুদ্ধে হুঁশিয়ারি জারি করেছে কর্তৃপক্ষ।
কেবল প্রেসিডেন্ট হাসান রুহানিই নন, আন্দোলনকারীদের স্লোগানের তীর বিস্তৃত হয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি ও মোল্লাতন্ত্রের বিরুদ্ধেও। বিক্ষোভ হয়েছে ধর্মীয় নেতাদের আবাসস্থল হিসেবে খ্যাত কোম শহরেও। বিক্ষোভকারীদের ‘জনগণ ভিক্ষা করছে, মোল্লারা ঈশ্বরের মতো আচরণ করছে’ জাতীয় স্লোগান দিতে দেখা যাচ্ছে।
অনেক বিক্ষোভকারী বহির্বিশ্বে ইরানের হস্তক্ষেপের বিষয়েও ক্ষোভ জানিয়েছে। মাশহাদ শহরে অনেককে ‘গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য’ স্লোগান দিতে দেখা গেছে। ইরানের বর্তমান প্রশাসন অভ্যন্তরীণ বিষয়ের চেয়ে পররাষ্ট্র বিষয়ে বেশি মনোযোগী বলেও অভিযোগ তাদের।
অনলাইনে প্রকাশিত বেশ কয়েকটি ভিডিওতে বিক্ষোভকারীদের ‘সিরিয়া ছাড়, আমাদের নিয়ে ভাবো’ বলতে শোনা গেছে।
ইরানের প্রভাবশালী ও এলিট নিরাপত্তা বাহিনী রেভ্যুলেশনারি গার্ডের ঘনিষ্ঠ ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ অর্থনৈতিক অসন্তোষ পেরিয়ে রাজনৈতিক দিকে মোড় নেওয়ার পর অনেককেই বিক্ষোভস্থল ছেড়ে যেতে দেখা গেছে।
