বছরের শেষ কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় ছিল। এদিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ও ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় বেড়ে ব্যারেলপ্রতি ৬০ ডলারের ওপরে অবস্থান করেছে। ২০১৫ সালের জুনের পর সর্বোচ্চ দাম নিয়েই বছর পার করল জ্বালানি পণ্য দুটি।
যুক্তরাষ্ট্রে ডব্লিউটিআইয়ের দাম আগের দিনের তুলনায় দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। দিনশেষে জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয় ৬০ ডলার ১০ সেন্টে, যা আগের দিনের তুলনায় ২৬ সেন্ট বেশি। অন্যদিকে ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় ব্যারেলপ্রতি ৪১ সেন্ট বেড়েছে।
দিনশেষে জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ৬৬ ডলার ৫৭ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৬২ শতাংশ বেশি। একইভাবে দিনশেষে দুবাইয়ের বাজারে জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ৬৪ ডলার ৪৬ সেন্টে।
যুক্তরাষ্ট্রভিত্তিক লিপোউ অয়েল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অ্যান্ড্রু লিপোউ বলেন, ২০১৫ সালের জুনের পর অপরিশোধিত জ্বালানি তেলের দাম সর্বোচ্চ অবস্থানে রয়েছে। বিদায়ী বছরে বাড়তি চাহিদার বিপরীতে বৈশ্বিক উত্তোলন কমার জের ধরে ডব্লিউটিআইয়ের দাম আগের বছরের তুলনায় ১২ শতাংশ বেড়েছে। অন্যদিকে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে আগের বছরের তুলনায় ১৭ শতাংশ। সেই হিসাবে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে পুরো একটি বছর পার করেছে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার।
তবে বছরজুড়ে মার্কিন উত্তোলন খাতের চাঙ্গাভাব এ খাতে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। বিদায়ী বছরের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রে ৭৪৭টি সক্রিয় কূপ থেকে জ্বালানি তেল উত্তোলন করা হয়েছে।
আরও পড়ুন; জ্বালানি তেলের বাজারে তেজিভাব
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের তেজিভাব
জ্বালানি তেলের ঘাটতি দেখা দিতে পারে ২০১৮ সালে
