‘পদ্মাবত’ হলেও খুশী নয় তারা




১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসার কথা ছিলো সঞ্জয় লীলা বানসালী পরিচালিত ‘পদ্মাবতী’। কিন্তু সেন্সর ফিরিয়ে দেওয়া নির্ধারিত সময়ে মুক্তি পায়নি সিনেমাটি। সম্প্রতি ‘পদ্মাবতী’ থেকে ছবির নাম ‘পদ্মাবত’ করার সুপারিশ করেছে সেন্সর বোর্ড। যদিও বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ মেবারের রাজপরিবার। অভিযোগ, তাঁদের অনুমতি না নিয়েই ছবি মুক্তির সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে বোর্ড।
ছবিটিকে মুক্তি দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছিলেন সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশী। তাতে রাখা হয়েছিল একটি বিশেষ প্যানেল। সেই প্যানেলে ইতিহাসবিদদের সঙ্গে ছিলেন মেবারের রাজপরিবারের সদস্য অরবিন্দ সিংহও। ছবিটি দেখানো হয়েছিল তাঁদের। অরবিন্দ সিংহের দাবি, ফিল্মের বেশ কিছু দৃশ্য নিয়ে তিনি আপত্তি জানিয়েছিলেন। এ-ও বলেছিলেন, ‘এ ছবির দিনের আলো দেখতে পাওয়া উচিত নয়। ওই ছবি মুক্তির কোনও প্রশ্নই নেই। ২ ঘণ্টা ৪১ মিনিটের ছবিতে বেশ কিছু দৃশ্য নিয়ে বিতর্ক রয়েছে। শুধু রাজপুতই নয়, মুসলিম সম্প্রদায়ের আবেগেও আঘাত হানতে পারে ছবিটি।’
অরবিন্দের দাবি, তাঁর অনুমতি না নিয়েই ছবিটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অভিযোগ জানিয়ে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানিকে একটি চিঠিও দিয়েছেন বলে জানিয়েছেন। বোর্ডের চেয়ারম্যান পদ থেকে প্রসূন জোশীকে সরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন অরবিন্দ।
এই নিয়ে দ্বিতীয় চিঠি গেল রাজপরিবার থেকে। এর আগে বিশ্বরাজ সিংহও চিঠি দিয়েছিলেন প্রসূন জোশীকে। তাঁর অভিযোগ—‘ছবির নাম বদলের মতো উপর-উপর কিছু জিনিস পাল্টে ফেলে তো আর ছবির বিষয়বস্তুটাকে বদলে ফেলা যায় না। ছবিতে জায়গার নাম, আমার পূর্বপুরুষদের নাম, তাঁদের ইতিহাস, সবই তো থেকে যাচ্ছে!
ঐতিহাসিক কাহিনীর ওপরই নির্মিত হয়েছে সঞ্জয় লীলা বানসালির ছবি ‘পদ্মাবতী’। চিতোরের রানী পদ্মাবতীর রূপের কথা শুনে তাকে দেখতে দিল্লি থেকে মেবারে এসেছিলেন সুলতান আলাউদ্দিন খিলজি। সেখানে গিয়ে সুরক্ষিত দুর্গ দেখতে পেয়ে পদ্মাবতীর স্বামী রানা রাওয়াল রতন সিংকে খবর পাঠালেন যে তিনি পদ্মাবতীকে একবার দেখতে চান।
আলাউদ্দিন খিলজির হাত থেকে বাঁচতে রতন সিং এই আবদারে রাজি হলেন এবং স্ত্রীকে জানালেন। পদ্মাবতী জানালেন তিনি দেখা দিবেন। কিন্তু সরাসরি নয়, তাকে দেখতে হবে আয়নার প্রতিবিম্বের মাধ্যমে। রানীর রূপ মাত্র এক ঝলক দেখে প্রেমে পাগল হয়ে যান আলাউদ্দিন খিলজি এবং যে কোনো মূল্যে পদ্মাবতীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। পদ্মাবতীর শেষ পরিণতি ঘটে জীবন্ত অগ্নিকুণ্ডে ঝাপ দিয়ে আত্মাহুতির মাধ্যমে।
‘পদ্মাবতী’ ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বনসালি। ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকন। ‘পদ্মাবতী’র স্বামী রানা রাওয়াল রতন সিং এর ভূমিকায় আছেন শহীদ কাপুর এবং সুলতান আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা যাবে রণবীর সিং কে।
আরও পড়ুন; তবে কি মুক্তি পাচ্ছে না পদ্মাবতী    
ভারতে পদ্মাবতীর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ     
‘পদ্মাবতী’তে দীপিকাকে দেখার জন্য পাগল রণবীর  
পদ্মাবতীর ট্রেলারে অসাধারণ শাহিদ-দীপিকা-রণবীর