ইরানে ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী বিক্ষোভ, নিহত ১০




সমগ্র ইরানও জুড়ে ছড়িয়ে পড়ছে চলমান সরকারবিরোধী বিক্ষোভ। কয়েকদিনের বিক্ষোভ-সহিংসতায় এ পর্যন্ত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন। প্রেসিডেন্ট রুহানি জনগণকে শান্তি রক্ষার আহ্বান জানানো সত্বেও বিভিন্ন সূত্র থেকে সহিংসতার খবর আসছে।
এ পর্যন্ত প্রায় ৪শ’ লোককে গ্রেফতার করা হয়েছে। কর্তৃপক্ষ টেলিগ্রাম বা ইন্সটাগ্রামের মত সামাজিক মাধ্যম বন্ধ করে দিয়ে বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
এর আগে আইএলএনএ বার্তা সংস্থা স্থানীয় এক এমপি’র বরাত দিয়ে রোববার দক্ষিণ-পশ্চিমের শহর আইজেহতে অন্তত দুই বিক্ষোভকারী নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হওয়ার খবর দিয়েছিল। তবে এ দুই জন ওই ১০ জনের মধ্যে আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
রোববার রাতভর বিভিন্ন শহরে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পশ্চিমের কারমানশাহ, খোরামাবাদ, উত্তর-পশ্চিমের শাহিনশহর এবং উত্তরের জানজান শহরে বিক্ষোভ-সংঘর্ষ হয়েছে।এর আগে শনিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও দুই বিক্ষোভকারী নিহত হয়। এ নিয়ে কয়েকদিনের চলমান বিক্ষোভে অন্তত ১২ জন নিহত হল বলে জানিয়েছে বিবিসি।
প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, জনগণের প্রতিবাদ-বিক্ষোভ করার অধিকার আছে কিন্তু সহিংসতা মেনে নেয়া হবে না। এছাড়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দেয় যে বিক্ষোভ চলতে থাকলে তারা রাষ্ট্রের ‘লৌহকঠিন মুষ্টির’ সম্মুখীন হবে।
এ বিক্ষোভ শুরু হয়েছিল গত বৃহস্পতিবার মাশাদ শহর থেকে। মূলত জিনিসপত্রের দামবৃদ্ধির মত অর্থনৈতিক ইস্যু নিয়ে প্রতিবাদ শুরু হলেও এখন বিক্ষোভকারীরা ধর্মীয় নেতা-নিয়ন্ত্রিত ইরানি সরকারকে উৎখাত করার ডাক দিচ্ছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এখন বিক্ষোভের কিছু সংবাদ চিত্র দেখানো হচ্ছে, এতে যুবক বিক্ষোভকারীদের ব্যাংকে আক্রমণ করতে, বা ইরানি পতাকা পোড়াতে দেখা যাচ্ছে। রোববার ইরানের খোরামাবাদ, যানজান ও আহভাজ শহরে মিছিল থেকে দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনির পদত্যাগ ও তাঁর ‘নিপাত’ যাওয়ার দাবিতে স্লোগান দেয়া হয়। আবহার শহরে বিক্ষোভকারীরা দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনির ছবিওয়ালা বিশাল ব্যানারেও আগুন ধরিয়ে দেয়।
২০০৯ সালে প্রেসিডেন্ট মেহমুদ আহমাদিনেজাদ বিতর্কিতভাবে দ্বিতীয়বারের মতো ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। তারপর থেকে এবারের সরকারবিরোধী বিক্ষোভকেই জন অসন্তোষের সবচেয়ে গুরুতর ও ব্যাপক প্রকাশ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।