চট্টগ্রামে পুলিশের অভিযানে দুই জঙ্গি গ্রেফতার




চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে দুই জঙ্গিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা নব্য জেএমবির সদস্য বলে জানা গেছে। তাঁরা হলেন ময়মনসিংহের আশফাকুর রহমান (২১) ও কুমিল্লার মুরাদনগরের রাকিবুল হাসান (১৯)।
গোপন তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকার মাদারবাড়িতে একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এ এ এম হ‌ুমায়ূন কবির বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে ১০টি গ্রেনেড ও ২টি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়। তাঁরা নিজেদের নব্য জেএমবির সদস্য বলে দাবি করেছেন।’
আশফাকুর ও রাকিবুল দুই মাস আগে বাসাটি ভাড়া নিয়েছিলেন। অভিযানে নগরীর একটি ছকও উদ্ধার করা হয়েছে। এই ছকে হামলার লক্ষ্য হিসেবে সদরঘাট থানাকে চিহ্নিত করা রয়েছে। জঙ্গিবাদের উত্থানের পর থেকেই থানা ও আদালত ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান সব সময়ই জঙ্গি হামলার অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে আক্রান্ত হয়েছে।