শীতকালীন ঝড় ইলিয়ানরের তাণ্ডবে বিধ্বস্ত হয়ে পড়েছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের একাংশ। বুধবার ইউরোপজুড়ে শীতকালীন ঝড় ইলিয়েনরের আঘাতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে। ঝড়ের কারণে পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হয়েছে এবং কয়েক লাখ মানুষ বিদ্যুিবচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলেও আঘাত হেনেছে শীতকালীন ঝড়।
কর্মকর্তারা জানান, স্পেনের উত্তরাঞ্চলীয় বাসকি উপকূলে দুই জন মারা গেছে। এই দম্পতি বিরাট একটি ঢেউয়ের টানে ভেসে যান। তাদের রক্ষায় অপর এক জন এগিয়ে গেলে তিনিও ভেসে যাচ্ছিলেন। তাকে উদ্ধার করা হয়েছে।
এছাড়া ফ্রান্সের আল্পসের মোরিলোনে একজন ২১ বছর বয়সী স্কি খেলোয়াড়ের ওপর গাছ উপড়ে পড়লে তাতে চাপা পড়ে সে মারা যায়। আবহাওয়া পরিস্থিতি বিপজ্জনক হওয়ায় সেখানকার বেশ কয়েকটি অবকাশ কেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে।
ফরাসি দ্বীপ কর্সিকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। ঝড়ো বাতাসে বিদ্যুতের লাইনে আগুন ধরে তিনজন আহত হয়েছে। মধ্য সুইজারল্যান্ডের গ্রাম লেংকে তীব্র বাতাসে একটি রেল ক্যারিজ উল্টে অন্তত আটজন ও নেদারল্যান্ডসের দক্ষিণের একটি গ্রামে গাছ পড়ে একজন আহত হয়েছে।
তীব্র বাতাসের কারণে কর্তৃপক্ষ জার্মানি ও সুইজারল্যান্ডের সীমান্তসংলগ্ন ব্যাসেল-মিলুজ ও স্ট্রার্সবার্গের বিমানবন্দরগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। বুধবার সকালে প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরের অধিকাংশ বিমান চলাচল পিছিয়ে দেয়া হয়েছে।
খারাপ আবহাওয়ায় গাছ পড়ে, বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে ফ্রান্সের বেশ কয়েকটি অঞ্চলের ট্রেন ও গাড়ি চলাচলের পথে বিঘ্ন দেখা দিয়েছে। পুরো ফ্রান্সে প্রায় ২ লাখ ২৫ হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া আটলান্টিক উপকূলে তীব্র বন্যার আশঙ্কা করা হচ্ছে।
ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের পর ইলিয়েনর পুরো ইউরোপে আঘাত হানে। জলোচ্ছ্বাস থেকে লন্ডনকে সুরক্ষার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিশ্বের বৃহত্তম অস্থায়ী বাঁধের একটি টেমস ব্যারিয়ার বন্ধ করে দেয়া হয়েছে। যুক্তরাজ্যের দক্ষিণে ভারি বর্ষণসহ শিলাবৃষ্টি ও বজ্রপাতের কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তর-পশ্চিমের ওয়েস্টমুরল্যান্ডের গ্রেট ডান ফেল-এ ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ১৬০ কিলোমিটার। গাড়ি উল্টে ও গাছ পড়ে অঞ্চলটির প্রধান সড়কগুলো বন্ধ হয়ে গেছে।
