মিয়ানমার থেকে সেনাবাহিনীর দমন পীড়নে পালিয়ে আসা রোহিঙ্গাদের ওপর গণহত্যা, ধর্ষণসহ বর্বর নির্যাতনের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) মানবাধিকার সংস্থার সদস্য রশিদ আল বালুসি।
শুক্রবার দুপুরে কক্সবাজারের বালুখালী ত্রাণশিবির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
রশিদ আল বালুসি আরও বলেন, ‘আমরা দুই দিন ধরে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছি, নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি। এতে আমরা যতটুকু জেনেছি, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত নির্যাতন চালানো হয়েছে। গুলি করে রোহিঙ্গাদের হত্যা, নারীদের ধর্ষণ করা হয়েছে। এটা জাতিগত নিধন, গণহত্যার শামিল। তবে বাংলাদেশ রোহিঙ্গাদের সর্বোচ্চ মানবিকতা প্রদর্শন করেছে; যা বিশ্বের বিরল উদাহরণ।’
প্রতিনিধিদলের সাথে অন্যান্যদের মধ্যে ওআইসি’র ভাইস চেয়ারম্যান মেড এসকে ক্যাগওয়া, ভাইস চেয়ারম্যান ড. রাইহানাহ বিনতে আবদুল্লাহ, সাবেক রাষ্ট্রদূত কমিটির সদস্য মোহাম্মদ জমির, আবদুল ওহাব, মাহমুদ মোস্তাফা আফিফি, এডামা নানা, নির্বাহী পরিচালক মার্গোব সেলিম বাট, হাফিদ এল হাসমি, আকমেদ আল গামদি, হাসান আবেদিন, মাহা আকিল, আবদুল্লাহ কাবি ও মোহাম্মদ গালাবা সহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিনিধিদলটি বৃহস্পতিবার দুপুরে রোহিঙ্গা সংশ্লিষ্ট বিষয় নিয়ে কক্সবাজার জেলা প্রশাসকের সাথে বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, মানবিক সংকট ও চাহিদা সহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রতিনিধিদলটি বৃহস্পতিবার ও শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে ওআইসি’র প্রতিনিধি দলের এই সফরের আয়োজন করা হয়েছে। ওআইসি’র স্বাধীন স্থায়ী মানবাধিকার কমিশন এবং মহাসচিবের দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এই প্রতিনিধি দল গঠন করা হয়েছে। প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করবে। পরে তারা ওআইসি মহাসচিবের কাছে প্রতিবেদন দেবে।
