প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল




গেল বছরে এশিয়া কাপ জয় করে চমক দেখিয়েছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এর আগে বাংলাদেশের বিপক্ষে ৩-১ এ সিরিজ জিতেছিল আফগান যুবারা। সেই আফগান যুবাদের কাছে আবারো হেরেছে বাংলাদেশের যুবারা।
যুব বিশ্বকাপ খেলতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এখন নিউজিল্যান্ডে। বিশ্বকাপকে সামনে রেখে ওয়ার্ম আপ ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ।
প্রথমে ব্যাট করে আফগানিস্তান দল আজমত উল্লাহ’র ৮১, বাহির শাহ’র ৪৪ ও ইব্রাহিম জাদরানের ৩২ এর ভর করে সবকটি উইকেট হারিয়ে সংগ্ৰহ করে ২০৬ রান। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ৪টি, রবিউল হক ৩টি, টিপু সুলতান ২টি ও কাজী অনিক ১টি করে উইকেট লাভ করেন।
২০৭ এর জবাবে ব্যাট করতে নেমে নাজিব-উল-হক ও কাইস আহমেদের বোলিং তোপে বাংলাদেশ যুব দল অল আউট হয় ১৫০ রানে। পিনাক ঘোষ করেন ৫৪ রান এবং অধিনায়ক সাইফ হাসান ৪৩ রান করেন। নাজিব-উল হক ৪টি, কাইস আহমেদ ৩টি করে উইকেট পান।
দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে ১০ তারিখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল লড়বে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। ১৩ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশ যুবদলের। ১৫ জানুয়ারি কানাডা ও ১৮ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে গ্রূপপর্বের বাকি দুই ম্যাচ খেলবে সাইফ-পিনাকরা।