প্রথমবারের মতো একটি নতুন দ্বৈতগানে কণ্ঠ দিলেন তারকা সংগীতশিল্পী শাফিন আহমেদ ও দিলশাদ নাহার কনা। গানটির নাম ‘দুটি হৃদয়’। এরই মধ্যে জিপি মিউজিক থেকে এ গানটি প্রকাশ হয়েছে। অল্প সময়ের মধ্যেই গানটি বেশ পছন্দও করছেন শ্রোতারা। আপাতত লিরিকাল ভিডিও মুক্তি পেলেও এটির একটি মিউজিক ভিডিও প্রকাশেরও কথা রয়েছে।
এ বিষয়ে শাফিন আহমেদ বলেন, ‘দুটি হৃদয়’ শীর্ষক এ গানটি সম্পূর্ণ রোমান্টিক ঘরানার। গানটির কথা, সুর ও সংগীতে রোমান্টিকতার ছোঁয়া পাওয়া যাবে। এরই মধ্যে শ্রোতারা বেশ পছন্দ করছেন গানটি । আমার বিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে গানটি আরও ভালোর দিকে যাবে।
এ বিষয়ে দিলশাদ নাহার কনা বলেন, ছোটবেলা থেকে শাফিন ভাইয়ের গান শুনে আসছি। আমি সংগীতে এসেছি অনেক বছর হলেও তার সঙ্গে গান গাওয়া হয়নি। এবার প্রথম আমরা দ্বৈতগান করেছি। আমি এক্সাইটেড গানটি নিয়ে। ‘দুটি হৃদয়’ গানটি সবেমাত্রই প্রকাশ হয়েছে। এটি শ্রোতারা এরই মধ্যে অনেক পছন্দ করেছেন। তাই আমি শ্রোতাদের প্রতি কৃতজ্ঞ।
