যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে প্রলয়ঙ্করী ঝড়ের ফলে সৃষ্ট ভয়াবহ কাদামাটি ধসে বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এছাড়া অন্তত ১৩ জন মারা গেছে।
মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছে ক্যালিফোর্নিয়া পুলিশ।
আহত ১৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২০ জন ‘ঝড়ের আঘাতজনিত কারণে’ আহত বলে বিবিসি জানিয়েছে।
আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বন্যা ও ভূমিধসে সান্তা বারবারার পূর্ব দিকে অবস্থিত রোমেরো ক্যানিয়নের মধ্যে এখনো প্রায় তিনশ জন আটকা পড়ে আছেন মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলকে ‘প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষের মতো দেখাচ্ছে’, ভাষ্য পুলিশের।
বিবিসি বলছে, গত মাসে ভয়াবহ দাবানল দেখা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল থেকে বন্যা ও ভূমিধসগ্রস্ত এলাকাগুলোর ৪৮ কিলোমিটার পর্যন্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। এখনো অনেকে নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা উদ্ধারকর্মীদের। বন্যাক্রান্ত এলাকাগুলোর হাজার হাজার অধিবাসী বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন; কাদায় চাপা পড়া অর্ধশতাধিক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
কর্মকর্তারা বলছেন, যেসব এলাকা ‘খালি করে ফেলার’ নির্দেশনার মধ্যে ছিলনা সেসব এলাকাতেই বন্যা বড় ধরণের আঘাত হেনেছে। কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা ক্যালিফোর্নিয়ায় এক জরুরি সতর্কতায় যেসব বাড়ি আগে কখনোই বন্যায় আক্রান্ত হয়নি এবার সেগুলোও ঝুঁকিতে আছে বলে জানিয়েছিল।
সান্তা বারবারা কাউন্টির দমকল বিভাগ টুইটার বার্তায় জানায়, ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণের পর ধসে পড়া ভবনগুলোর ভেতরে হতাহতদের সন্ধানে কুকুর ব্যবহার করা হচ্ছে। এখন পর্যন্ত ২০ জন নিখোঁজ রয়েছে।
এতে আরো বলা হয়, ‘দমকল কর্মীরা সফলভাবে ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে। মন্টেসিটোতে মেয়েটি একটি বাড়ির ধ্বংস্তুপের মধ্যে আটকা পড়ে ছিল।’
জরুরি সংস্থাগুলো সাংবাদিকদের জানিয়েছে, অন্তত বেশ কয়েকজন লোক নিখোঁজ রয়েছে এবং বেশ কয়েকটি বাড়ির ক্ষতি বা ধ্বংস হয়ে গেছে।
