‘টাইগার জিন্দা হ্যায়’র সাফল্যে ভাসছিলেন বলিউডের সুলতান সালমান খান। বেশ প্রশংসাও পেয়েছেন তিনি। তবে এরই মধ্যে সালমান খানকে প্রাণে মারার হুমকি এসেছিল। এ বার তাঁরই শুটিং সেটে হানা দিয়েছে সশস্ত্র দুষ্কৃতী।
গত মঙ্গলবার মুম্বাইয়ের ঘটনাটি ঘটেছে ‘ফিল্ম সিটি’-তে। সকাল থেকেই হইহই করে শুটিং চলছিল সালমান খানের পরবর্তী ছবি ‘রেস ৩’-র।
বার বার খুনের হুমকি আসায় সেটে উপস্থিত ছিলেন সালমানের দেহরক্ষীরাও। হঠাৎ খবর আসে, সেটে কয়েক জন বহিরাগত ঢুকে পড়েছে। তাদের প্রত্যেকের হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুটিংয়ে ইতি পড়ে। সেট থেকে সালমানকে বার করে সুরক্ষিত তাঁর বান্দ্রার বাড়িতে পৌঁছে দেয় পুলিশ।
পুলিশের অনুমান, ওই দুষ্কৃতীরা সম্ভবত রাজস্থানের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর দলের লোক। ক’দিন আগেই সলমন খানকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন রাজস্থানের ওই গ্যাংস্টার। জেলবন্দি ওই দুষ্কৃতী হুমকি দিয়েছিলেন রাজস্থানেই খুন করা হবে এই বলিউড অভিনেতাকে।
এদিকে ‘রেস ৩’ ছবির প্রযোজক রমেশ তরানির কথায়, ‘সেটে তখন রেস ৩-র শুটিং চলছিল। পুলিশ শুটিং বন্ধ করার কথা বলে। তারা জানায়, অভিনেতাকে দ্রুত বাড়ি পৌঁছে দিতে হবে। এর পর ছ’জন পুলিশ কর্মী সলমনকে তাঁর বান্দ্রার বাড়িতে পৌঁছে দেয়।’
তবে, সেটে পুলিশ পৌঁছনোর সঙ্গে সঙ্গে দুষ্কৃতীদের আর কোনও খোঁজ মেলেনি। অত নিরাপত্তা সত্ত্বেও শুটিং সেটে ওই দুষ্কৃতীরা কী ভাবে ঢুকল এবং পরে কোথায় গা ঢাকা দিল সেই বিষয়ে পুলিশও কিছু নিশ্চিত করে জানাতে পারেনি।
রাজস্থান-হরিয়ানায় অপরাধমূলক কাজকর্মে একেবারে উপরের দিকে নাম রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের। খুনের চেষ্টা, হুমকি, তোলাবাজি, ছিনতাই, অপহরণ-সহ ২০টি মামলা চলছে তাঁর বিরুদ্ধে। পুলিশের অনুমান, সালমানের সঙ্গে লরেন্সের বিরোধের সূত্রপাত ১৯৯৮ সালে কৃষ্ণসার হত্যার ঘটনাকে কেন্দ্র করে। রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ কৃষ্ণসার হরিণকে পুজো করে। এর সঙ্গে তাঁদের ধর্মীয় ভাবাবেগ জড়িয়ে রয়েছে বলেই মনে করছে পুলিশ। মুম্বই মিরর-এর রিপোর্টে বলা হয়েছে, তাই এই হুমকি এবং পরবর্তীতে শুটিং সেটে হামলা চালানোর চেষ্টা।
