ইকুয়েডরের নাগরিকত্ব পেলেন অ্যাসাঞ্জ




বিশ্বব্যাপী সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে নাগরিকত্ব দিয়েছে ইকুয়েডর। এর আগে উইকিলিকস প্রতিষ্ঠাতাকে কূটনৈতিক মর্যাদা দেওয়ার প্রস্তাব দিয়েছিল ইকুয়েডর; যুক্তরাজ্য ওই প্রস্তাবে রাজি না হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে অ্যাসাঞ্জকে নাগরিকত্ব দেওয়ার কথা জানা গেল।
যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক ও কূটনৈতিক নথি ফাঁসের সঙ্গে জড়িত অ্যাসাঞ্জকে দূতাবাস থেকে সরিয়ে নেওয়ার চিন্তা থেকেই দক্ষিণ আমেরিকান দেশটি এ পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২০১২ সালে সুইডেনে হওয়া একটি ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্য থেকে বহিঃসমর্পণ এড়াতে লন্ডনের একুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন অ্যাসাঞ্জ। একুয়েডরের তখনকার বামপন্থি প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া উইকিলিকস প্রতিষ্ঠাতাকে ‘সাংবাদিক’ অ্যাখ্যা দিয়ে তার রাজনৈতিক আশ্রয় মঞ্জুর করেছিলেন।
গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী লেনিন মোরেনো অ্যাসাঞ্জকে ‘হ্যাকার’ অ্যাখ্যা দিয়ে তাকে ঘিরে উদ্ভূত উপস্থিতিকে ‘জটিল’ বলেছিলেন। কোরেয়ার দল থেকে মনোনয়ন পাওয়া মোরেনো অবশ্য উইকিলিকস প্রতিষ্ঠাতাকে লন্ডনের দূতাবাস থেকে বের করে দেওয়া হবে না বলেও জানিয়েছিলেন।
সুইডেন গত বছরের মে মাসে অ্যাসাঞ্জের ওপর থেকে ধর্ষণের অভিযোগ তুলে নিলেও ব্রিটিশ পুলিশ বলেছে, লন্ডনের একুয়েডর দূতাবাস থেকে বের হলেই অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা হবে। অ্যাসাঞ্জের আশঙ্কা গ্রেপ্তারের পর তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে, যাদের লাখ লাখ গোপন সামরিক ও কূটনৈতিক নথি ফাঁস করে দিয়ে বেকায়দায় ফেলেছিলেন তিনি।
এর পাল্টায় যুক্তরাজ্য বলেছিল, দূতাবাস থেকে বের হওয়া মাত্র অ্যাসাঞ্জকে বিচারের মুখোমুখি করা হবে, এটাই এ সঙ্কট সমাধানের একমাত্র পথ।
রদিকে অ্যাসাঞ্জের মার্কিন আইনজীবী বেরি পোলাক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।