নিরাপত্তা পরিষদের সংস্কার চান গুতেরেস




নিরাপত্তা পরিষদের জরুরি সংস্কার চান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, বৈশ্বিক সংগঠনগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে নিরাপত্তা পরিষদের সংস্কার জরুরি। এছাড়া জাতিসংঘকে আরও গণতান্ত্রিক ও বৈচিত্র্যমণ্ডিত করতেও এটি দরকার।
গত শুক্রবার, আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জাতিসংঘ মহাসচিব এ কথা বলেন।
জাতিসংঘকে আরও গণতান্ত্রিক ও ক্ষমতার ভারসাম্যপূর্ণ করে গড়ে তুলতে এবং এর সব সংস্থার আঞ্চলিক প্রতিনিধিত্বে আরও কার্যকর বৈচিত্র্য আনতে জি-৭৭-এর আকাঙ্ক্ষাকে সমর্থন করেন বলে জানান মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, আর অবশ্যই এই আকাঙ্ক্ষার কেন্দ্রে রয়েছে নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়টি।
নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রক্রিয়া এক দশকের বেশি কাল আটকে রয়েছে। এই সংস্কার নিয়ে আগামী সমঝোতা বৈঠকের দিন নির্ধারণ করা হয়েছে ২৯ জানুয়ারি।
অনুষ্ঠানে গুতেরেস বলেন, বর্তমান সময়টি বহুপাক্ষিকতা বা জোটবদ্ধতার ক্ষেত্রে খুব সহজ না হলেও জি-৭৭ এটি রক্ষায় মধ্যম সারির খুঁটি হয়ে আছে।
উন্নয়ন ও বৈশ্বিক অর্থনৈতিক ইস্যুতে সম্মিলিতভাবে কাজ করে চলেছে উন্নয়নশীল দেশগুলোর এই জোট। ১৩৪টি সদস্য নিয়ে গঠিত এ ফোরাম বর্তমানে জাতিসংঘের দেশগুলোর সবচেয়ে বড় জোট। নাটকীয়ভাবে জাতিসংঘের বাজেট ঘাটতি ঠেকাতে এবং সংস্থার উন্নয়ন কর্মকাণ্ড সচল রাখতে জি-৭৭-এর ভূমিকার প্রশংসা করেন গুতেরেস।
অনুষ্ঠানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা প্রসঙ্গে গুতেরেস বলেন, এ ক্ষেত্রে ভারত নেতৃত্বের স্থান দখল করেছে। তিনি বলেন, ‘জলবায়ুবিষয়ক কর্মকাণ্ড নিয়ে আমাদের প্রতিশ্রুতি অত্যন্ত দৃঢ়। জলবায়ু পরিবর্তনের কাছে আমরা হার মানতে পারি না। তবে আমরা এখনো এ লড়াইয়ে জিততে পারছি না। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার উন্নয়নশীল দেশগুলো, যারা জি-৭৭-এর সদস্য।
জাতিসংঘ মহাসচিব বলেন, এখন এমন এক সময় যখন এ লড়াইয়ে অন্যরা পেরে উঠছে না, তখন বিশ্বের বৃহত্তম অর্থনীতি ও জি-৭৭-এর সবচেয়ে বড় দুই দেশ চীন ও ভারত লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে দারুণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বিশ্বের দেশগুলো যাতে জলবায়ু পরিবর্তনের নাটকীয় ও ধ্বংসাত্মক ক্ষতির হাত থেকে রক্ষা পায়, তা নিশ্চিত করতে যেভাবে দরকার চীন ও ভারত সেভাবেই এ নেতৃত্বের হাল ধরেছে।
এদিকে জি-৭৭-এর চেয়ারম্যানের পদ গ্রহণ করে জাতিসংঘে মিসরের স্থায়ী প্রতিনিধি আমর আবদেল লতিফ আবুলআত্তা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এই জোট এমন পন্থায় লড়াই চালাবে যাতে উন্নয়ন ত্বরান্বিত হয়। সে জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে জোট। তিনি বলেন, জি-৭৭-এর অগ্রাধিকার হবে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া ও দারিদ্র্য হ্রাস। বিশ্ব সমস্যার যে বোঝা বইছে তার নেপথ্য কারণ এই দারিদ্র্য।