আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি টুয়েন্টি ক্রিকেটের নিলামে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সেরা তিনে সাকিব আল হাসান যে নেই সেটা পরিষ্কার। তোকে সাকিবকে দলে নিতে চায় দিল্লি ডেয়ারডেভিলস।
বাংলাদেশের আটজনসহ সর্বমোট ১১২২ জন খেলোয়াড়কে নিয়ে বেঙ্গালুরুতে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে আইপিএলের একাদশ আসরের নিলাম। ওই নিলামের মাধ্যমে কোন কোন খেলোয়াড়দের দলে নেবে ইতোমধ্যে সেই নকশা কষে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
দিল্লি ডেয়ারডেভিলসের ইচ্ছার তালিকায় আছেন বাংলাদেশের সাকিব। আগের সাত আসরে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব। তবে আসন্ন আসরের জন্য সাকিবকে ছেড়ে দেয়ায় তাকে দলে নিতে অনেক বেশি আগ্রহী দিল্লি। এমন আভাস পাওয়া গেছে দিল্লির ফ্র্যাঞ্চাইজি থেকে। সাকিব ছাড়া কোলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীরকে দলে নিতে আগ্রহী দিল্লি।
নতুন নিয়মে শুরু হচ্ছে আইপিএলের যাত্রা। নিলামের আগে সর্বোচ্চ তিনজন করে খেলোয়াড় ধরে রাখার সুযোগ থাকছে প্রত্যেকটি দলের। গতবারের তুলনায় এ সংখ্যা অর্ধেকেরও কম। যেমন, ২০১৭ আইপিএলে কেকেআর ধরে রাখতে পেরেছিল ১৪ জন খেলোয়াড়। নতুন এই সমীকরণে স্বাভাবিকভাবেই বেশ পরীক্ষা দিতে হচ্ছে অংশ নেয়া দলগুলোকে। সেরার মধ্যে সেরা ৩ বেছে নেয়া কঠিনই বটে
আসন্ন আসরের জন্য দলের বেশির ভাগ খেলোয়াড়দের নিলামের জন্য ছেড়ে দিয়ে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলো। বাংলাদেশ থেকে আসন্ন আইপিএলের নিলামে নাম রয়েছে ৮ জন খেলোয়াড়ের। এরা হলেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, সাব্বির রহমান ও আবুল হাসান রাজু।
অবশ্য ২০১৫ থেকে আইপিএলে পারফরমেন্সে বেশ ভাটা পড়েছে এক বিশ্বসেরা অলরাউন্ডারের। পাকিস্তান সিরিজ থাকায় ২০১৫-তে আইপিএলে খেলেছিলেন ৪ ম্যাচ। ২০১৬-তে পুরোটা খেলেও সুযোগ পান ১০ ম্যাচে। প্রাপ্তি, ১১৪ রান ও ৫ উইকেট। গতবার সুযোগই পেয়েছেন মাত্র এক ম্যাচে।
সবমিলিয়ে কেকেআর সাকিবকে ধরে রাখতে চায় কিনা তা নিলামের পরেই বোঝা যাবে। যদিও নিলামে দলগুলোর একটি বাড়তি সুযোগ অবশ্য রয়েছে। নিলামে নিজের দলের ছেড়ে দেওয়া খেলোয়াড়কে আবার নিতে ব্যর্থ হলে ওই খেলোয়াড়টিকে সর্বোচ্চ যে দামে কেনা হবে, সেই একই দামে কিনতে চাইলে নিলামের পর খেলোয়াড়টির আগের দলকে সুযোগ দেওয়া হবে।
