দেশের শেয়ারবাজারে গেল সপ্তাহের পাঁচ কার্যদিবসের লেনদেনের মধ্যে চারদিনই সূচক কমেছে। সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২৩ দশমিক ৫২ পয়েন্ট কমে গেছে। অন্যদিকে দৈনিক গড় লেনদেন কমেছে ১৪ শতাংশ।
দীর্ঘদিন ঊর্ধ্বমুখী থাকার পর মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা যাচ্ছে শেয়ারবাজারে। নতুন বছরে পোর্টফোলিও পুনর্গঠনের কারণেও বিক্রয়াদেশ বাড়ছে। অর্থবাজারের সম্ভাব্য তারল্য পরিস্থিতি নিয়েও শেয়ারবাজারের বিনিয়োগকারীদের কিছুটা উদ্বিগ্ন দেখা যাচ্ছে। আর্থিক খাতের পাশাপাশি জুন ক্লোজিংয়ে থাকা অন্যান্য কোম্পানির শেয়ারেও বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমেছে। তবে বাজারের এ সংশোধন প্রক্রিয়া সাময়িক বলে মনে করছেন তারা।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, বছরের প্রথম দিন ডিএসইএক্স ৬ হাজার ২৪৪ পয়েন্টে লেনদেন শুরু হওয়ার পর ঊর্ধ্বমুখী প্রবণতায় আগের সপ্তাহে তা ৬ হাজার ৩১৮ পয়েন্ট পর্যন্ত উন্নীত হয়। তবে গেল সপ্তাহের সংশোধনের কারণে ১ দশমিক ৯৭ শতাংশ বা ১২৩ দশমিক ৫২ পয়েন্ট কমে গেছে সূচকটি।
সপ্তাহের শুরু থেকে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়ে শেষ দিনে কিছুটা স্থিতিশীল বাজার। সপ্তাহের শেষ দিনে ৭ পয়েন্ট বেড়ে বৃহস্পতিবার ৬ হাজার ১৭৯ দশমিক ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স, আগের সপ্তাহে যা ছিল ৬ হাজার ৩০২ দশমিক ৮৪ পয়েন্টে।
প্রধান সূচকের পাশাপাশি সপ্তাহ ব্যবধানে ১ দশমিক ১৪ শতাংশ কমেছে ডিএসই শরিয়াহ সূচক। গেল সপ্তাহে মোট ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৯১ পয়েন্টে নেমে এসেছে ডিএসইএস, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ৪০৭ পয়েন্টে। অন্যদিকে সপ্তাহ ব্যবধানে ৪১ দশমিক ১৭ পয়েন্ট কমে ২ হাজার ২৫৩ পয়েন্টে নেমে এসেছে ব্লু-চিপ সূচক ডিএসই-৩০, আগের সপ্তাহে যা ছিল ২ হাজার ২৯৫ পয়েন্টে।
এদিকে আগের তুলনায় গেল সপ্তাহে লেনদেনও কমেছে ঢাকার শেয়ারবাজারে। গেল সপ্তাহে গড় দৈনিক লেনদেন ছিল ৪৪৬ কোটি ৩ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৫১৯ কোটি ১৩ লাখ টাকায়। পাঁচ কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ২৩১ কোটি ৫০ লাখ টাকা, আগের সপ্তাহে চার কার্যদিবসে যা ছিল ২ হাজার ৭৪ কোটি ৫৪ লাখ টাকায়।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে সপ্তাহ শেষে দর বেড়েছে ৭৮টির, কমেছে ২৪২টির ও অপরিবর্তিত ছিল ১৮টি সিকিউরিটিজের বাজারদর।
দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স সপ্তাহ শেষে ২ দশমিক শূন্য ৯ শতাংশ কমে ১১ হাজার ৫৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১১ হাজার ৭৮২ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১ দশমিক ২৮ শতাংশ কমে দাঁড়ায় ১৭ হাজার ১০১ পয়েন্টে, আগের সপ্তাহে যা ছিল ১৭ হাজার ৩২৫ পয়েন্টে। পাঁচ কার্যদিবসে স্টক এক্সচেঞ্জটিতে মোট ১৩৭ কোটি ৫০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়।
