বাগদাদে জোড়া বোমা হামলা, নিহত ২৬




ইরাকের রাজধানী বাগদাদে সোমবার জোড়া বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। বাগদাদে তিন দিনের মধ্যে এটি এ ধরনের দ্বিতীয় হামলা।
সোমবারের এ হামলায় আরো ৯০ জন আহত হয়েছেন বলে নিজেদের ফেসবুক পেইজে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বাগদাদের বাণিজ্যিক এলাকা এভিয়েশন স্কয়ারে হামলাটি চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আত্মঘাতী ভেস্ট পড়া দুই ব্যক্তি হামলাটি চালিয়েছে বলে জানিয়েছে তারা।
তায়ারান স্কোয়ারে একটি বাণিজ্যিক কেন্দ্র। দিনমজুররা প্রতিদিন ভোরে কাজের সন্ধানে এখানো জড়ো হয়। তাৎক্ষণিকভাবে কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। সাধারণত ইসলামিক স্টেট গ্রুপ ইরাকে এ ধরনের অধিকাংশ হামলা চালিয়েছে।
তিন বছর আগে ইরাকের এক তৃতীয়াংশ এলাকা দখল করে নিয়েছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) । গত মাসে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে জয় ঘোষণা করে ইরাক। কিন্তু সম্মুখ লড়াইয়ে পরাজিত হওয়ার পর থেকে গোষ্ঠীটির জঙ্গিরা দেশটির বিভিন্ন এলাকায় হামলা ও বোমাবাজি শুরু করেছে।