১২০০ জনকে আসামি করে পুলিশের হত্যাচেষ্টার মামলা
২১ জুলাই ২০১৭ - ০৩:৪১:০৫ অপরাহ্ন
পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় মামলা করেছে পুলিশ। এতে পুলিশের কাজে বাধা দেওয়া এবং হত্যাচেস্টার অভিযোগে অজ্ঞাত ১২০০ জনকে আসামি করা হয়েছে।
শাহবাগ থানার এসআই মাজহারুল ইসলাম বৃহস্পতিবার রাতে এ মামলা দায়ের করেন বলে ওসি আবুল হাসান জানান।
ওসি আবুল হাসান বলেন, ‘পুলিশের কাজে বাধা দেওয়া এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে এ মামলার আসামিদের বিরুদ্ধে।’ তবে বৃহস্পতিবার ঘটনাস্থল থেকে আটক ১৩ শিক্ষার্থীকে কলেজ কর্তৃপক্ষের জিম্মায় ছেড়ে দেওয়া হবে জানিয়েছেন ওসি।
গত ফেব্রুয়ারি মাসে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া ঢাকার সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার তারিখ ঘোষণাসহ সাত দফা দাবিতে বৃহস্পতিবার শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ করে। ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থীরা ওই বিক্ষোভে অংশ নেন। তাদের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ বাধা দেয়, এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। পরে পুলিশ কাঁদুনে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে শিক্ষার্থীদের ছাত্রভঙ্গ করে দেয়। তখনই ১৩ জনকে আটক করা হয়।
সংঘর্ষের সময় সিদ্দিকুর রহমান নামে সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীর চোখে মারাত্মক আঘাত লাগে। পরে তাকে জাতীয় চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বৃহস্পতিবারই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাতটি সরকারি কলেজের বিভিন্ন বর্ষের পরীক্ষার তারিখ চূড়ান্ত করে নোটিস দেওয়া হয়। মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা ১০ সেপ্টেম্বর, অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা ১৬ অক্টোবর এবং ডিগ্রি প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ৪ নভেম্বর শুরু হবে। এছাড়া ডিগ্রি প্রথম বর্ষ, মাস্টার্স প্রথম ও শেষ পর্বের প্রাইভেট (রেজি) পরীক্ষা ২৫ জুলাই থেকে ২৯ অগাস্টের মধ্যে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ।