রিকশাকে একটি ট্রাকের চাপা দেওয়ার ঘটনায় ভারতের পূর্বাঞ্চলের ঝাড়খন্ড রাজ্যে ১২ জন নিহত হয়েছে। আজ সোমবার রাঁচি থেকে ১০০ কিলোমিটার দূরে গুমলা জেলায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ব্যক্তিরা সবাই একটি ধর্মীয় উৎসব শেষে ফিরছিলেন। তাঁরা সবাই রিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। ট্রাকটির গতি খুব বেশি ছিল বলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন।
সরকারি তথ্যমতে, ভারতে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর প্রায় দেড় লাখ মানুষের মৃত্যু হয়। বেশির ভাগ সময় খারাপ রাস্তা, যানবাহন পরিচালনায় অব্যবস্থাপনা ও বেপরোয়া চালনার কারণে দুর্ঘটনা ঘটে। গত ডিসেম্বরে রাজস্থানে একটি বাস খাদে পড়ে ৩২ জন নিহত হন।
