আমদানি শুল্ক: মাশুল গুনবে যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্প




আমদানিকৃত গাড়িতে নতুন শুল্কারোপ করা হলে যুক্তরাষ্ট্রে নতুন গাড়ির দাম গড়ে ১ হাজার ১০০ ডলার বেড়ে যাবে এবং ৫০ হাজারেরও বেশি সংখ্যক কর্মী চাকরি হারাবেন বলে আশঙ্কা মোটর ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (এমইএমএ)।
বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি পরিবর্তনে যে সংকটগুলো সামনে আসতে পারে, সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এ জরিপে। এ ধরনের পদক্ষেপে আমেরিকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে না বলেও সতর্ক করেন এমইএমএর প্রেসিডেন্ট স্টিভ হ্যান্ডসকাহ। এক সংবাদ সম্মেলনে হ্যান্ডসকাহ বলেন, কর্মসংস্থানে উল্লেখযোগ্য হারে পুনর্বিন্যাসের যেসব উদ্যোগের পরিকল্পনা হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে তা সম্ভব নয়।
এদিকে বোস্টন কনসাল্টিং গ্রুপের জ্যেষ্ঠ অংশীদার ও এমইএমএ পরিচালিত গবেষণার প্রধান লেখক হ্যাভিয়ার মোসকুয়েট বলেন, গাড়ি শিল্পের সমন্বিত সরবরাহ চেইন কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের কারখানাগুলোর সঙ্গে পুরোপুরিভাবে নির্ভরশীল। এককথায় গাড়ি শিল্পের সঞ্জীবনী শক্তি হলো বৈশ্বিক সরবরাহ চেইনগুলো। কিন্তু নতুন শুল্কারোপ, সীমান্ত কর ও নাফটা থেকে পশ্চাদপসরণ, উত্তর আমেরিকা ও সারা বিশ্বের সীমান্তজুড়ে সাশ্রয়ী ও কোনো রকম সংকট ছাড়া পণ্যপ্রবাহের যে শিল্প, তাকে বাধাগ্রস্ত করবে।
জরিপে দেখা যায়, শুল্ক যদি ২০ থেকে ৩৫ শতাংশে উন্নীত করা হয়, তবে যুক্তরাষ্ট্রের বাজারে গাড়ি শিল্পের ব্যয় ১ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ কোটি ডলার বেড়ে যাবে। অর্থাত্ প্রতিটি গাড়ি আমদানিতে গড় ব্যয় বেড়ে যাবে ১ হাজার ১০০ ডলার।
এ প্রসঙ্গে মোসকুয়েট বলেন, নতুন কারখানা নির্মাণ ব্যয় পুনরুদ্ধারে আনুমানিক নয় বছর লেগে যাবে। সে কারণে নির্মাতা প্রতিষ্ঠানগুলো ও সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রে নতুন কারখানা নির্মাণের চেয়ে বর্তমানে যে কারখানাগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে কার্যক্রম পরিচালনার পক্ষে। যেহেতু সীমান্ত কর বা নাফটা শুল্কের কারণে ম্যানুফ্যাকচারারদের ব্যয় বেড়ে যাবে, স্বভাবতই কোম্পানিগুলো তাদের নির্মিত যানবাহনে সংযোজিত উপাদানগুলো কমিয়ে দেবে, যার প্রভাব পড়বে সেসব সরবরাহকারীর ওপর, যারা গাড়িতে স্পর্শকাতর নিরাপত্তা যন্ত্রাংশ সরবরাহ করে। যদি আমেরিকায় বছরে গাড়ি বিক্রির সংখ্যা ১ কোটি ৬৮ লাখ ইউনিটে স্থির থাকে, তবে স্পর্শকাতর প্রযুক্তির ব্যবহার কমিয়ে আনা এবং দাম বেড়ে যাওয়ার কারণে এখানকার কারখানাগুলোয় ২৫ থেকে ৫০ হাজার কর্মী চাকরি হারাবেন বলে জানান মোসকুয়েট।
এদিকে নাফটা বিষয়ে পুনরালোচনার সময় নির্ধারণে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার কর্মকর্তারা সম্মত হয়েছেন বলে জানান বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মেক্সিকান কর্মকর্তা। সূত্র জানায়, তিন সপ্তাহের ব্যবধানে সাত দফা বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। আসছে বছরে মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনের আগেই নাফটা আলোচনা শেষ করার লক্ষ্যে তড়িঘড়ি করে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।