ঊর্ধ্বমুখিতায় বছর শুরু করল অপরিশোধিত জ্বালানি তেলের বাজার। পণ্যটির এ ঊর্ধ্বমুখিতা বজায় থাকতে পারে সারা বছর ধরে। অন্তত বাজার বিশ্লেষকদের তা-ই ধারণা। বাজারের বর্তমান গতি বজায় থাকলে চলতি বছর পণ্যটির দাম; বিশেষ করে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম প্রতি ব্যারেল ৮০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে অভিমত দিয়েছেন তারা।
শিকাগোভিত্তিক প্রাইস ফিউচার্স গ্রুপের সিনিয়র মার্কেট অ্যানালিস্ট ফিল ফ্লিন বলেন, ‘অপরিশোধিত জ্বালানি তেলের দাম কেন বাড়তির দিকে থাকবে; সেটি ব্যাখ্যা করতে গেলে আসলে পণ্যটির বাজারের সবচেয়ে পুরনো গল্পটারই পুনরাবৃত্তি করতে হয়। প্রথমে বাজারমূল্যের নিম্নমুখিতার কারণে চাহিদা বৃদ্ধি পেল। এখন এ বাড়তি চাহিদাই হয়ে দাঁড়িয়েছে মূল্যের দিকনির্দেশক।’
২০১৪ সালের শেষ দিকে শুরু হয়ে গোটা ২০১৫ সাল টানা দরপতনের মধ্য দিয়ে যায় অপরিশোধিত জ্বালানি তেলের বাজার। একদিকে বিশ্ববাজারে অতিরিক্ত সরবরাহের চাপ, অন্যদিকে বাজারে অংশীদারিত্ব হারানোর ভয়ে অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজভুক্ত (ওপেক) দেশগুলোর উত্তোলন হ্রাসে অনীহা; এ দুয়ে মিলে তছনছ করে ছাড়ে গোটা বাজার। পণ্যটির মূল্য নেমে আসে অর্ধেকেরও নিচে।
চলতি মাসেই অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য বেড়ে দাঁড়ায় তিন বছরে সর্বোচ্চে। গত ১২ জানুয়ারি নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) ডব্লিউটিআইর বাজার স্থির হয়েছিল প্রতি ব্যারেল ৬৪ ডলার ৩০ সেন্টে। অন্যদিকে একই দিনে লন্ডনের ইন্টার কন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) পণ্যটির মূল্য স্থির হয় প্রতি ব্যারেল ৬৯ ডলার ৮৭ সেন্টে। দুটি বাজার আদর্শেই এদিনকার মূল্য স্থির হয়েছিল ২০১৪ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চে।
ফিল ফ্লিনের ধারণা, চলতি বছর ডব্লিউটিআইর গড় মূল্য দাঁড়াতে পারে প্রতি ব্যারেল ৬৭ ডলারের আশপাশে। এমনকি বাজারে দীর্ঘ সময়ের জন্য পণ্যটির দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারের ওপরে ঘোরাঘুরি করতে পারে বলে ধারণা তার। শুধু তা-ই নয়, ওপেক যদি চলতি বছরের শেষ পর্যন্ত উত্তোলন হ্রাসের চুক্তিটি বহাল রাখে, সে ক্ষেত্রে ডব্লিউটিআইর মূল্য ব্যারেলপ্রতি ৮০ ডলার ছাড়ালেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে মনে করছেন তিনি।
গত সপ্তাহে সামান্য বৃদ্ধি পাওয়ার আগে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন কমেছে টানা আট সপ্তাহ ধরে। এ সময় দেশটির মোট উত্তোলন হ্রাস পেয়েছে ৩ কোটি ৯০ লাখ ব্যারেলের বেশি। দেশটির জ্বালানি খাতের ইতিহাসে এখন পর্যন্ত এত কম সময়ে এটিই সর্বোচ্চ পরিমাণে উত্তোলন হ্রাসের ঘটনা। এ বিষয় ফ্লিন বলেন, এ ঘটনা থেকে ইঙ্গিত পাওয়া যায় মার্কিন বাজারে এবার বাড়তি চাহিদার বিপরীতে পণ্যটির সরবরাহের ঘাটতি দেখা দিতে পারে।
ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) তথ্য অনুযায়ী, গত বছর বৈশ্বিক জ্বালানি তেলের গড় দৈনিক চাহিদা ছিল ৯ কোটি ৭৮ লাখ ব্যারেল। ২০১৬ সালের তুলনায় এ সময় দেশটিতে পণ্যটির চাহিদা বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। ডিসেম্বরে প্রকাশিত ওই প্রতিবেদনে আরো জানানো হয়, নভেম্বরে বৈশ্বিক জ্বালানি তেলের দৈনিক গড় সরবরাহ ছিল ৯ কোটি ৭৮ লাখ ব্যারেল, যা ২০১৬ সালের একই সময়ের তুলনায় দৈনিক গড় ১১ লাখ ব্যারেল কম।
প্রতিবেদনে আইইএ পূর্বাভাস দেয়, ২০১৯ সালে বৈশ্বিক জ্বালানি তেলের গড় চাহিদা বেড়ে দাঁড়াবে দৈনিক ৯ কোটি ৯১ লাখ ব্যারেলে। বিষয়টিতে ইঙ্গিত করে নিউইয়র্কভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটাল ম্যানেজমেন্টের সহপ্রতিষ্ঠাতা জে হেটফিল্ড বলেন, প্রতি বছর বৈশ্বিক দৈনিক গড় চাহিদা বাড়ছে ১০ লাখ ব্যারেল করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে শেল (পাথরের খাঁজে জমে থাকা তেল) উত্তোলনে যে কমতি দেখা যাচ্ছে, তা এর চেয়ে বেশি।
জে হেটফিল্ডের প্রত্যাশা, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় এ বছর বৈশ্বিক চাহিদা ব্যাপক হারে বাড়বে। সে ক্ষেত্রে ডব্লিউটিআইর মূল্য ৬০-৭০ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে।
সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের বাজারে আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতির ব্যাপক প্রভাব দেখা যাচ্ছে। বিশেষ করে ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ উত্তোলনকারী ইরানে রাজনৈতিক অস্থিরতা ও ভেনিজুয়েলার সঙ্কট দেশ দুটিতে পণ্যটির উত্তোলন খাত নিয়ে শঙ্কা তৈরি করেছে।
