সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের অভিযান শুরু




তুরস্ক উত্তর সিরিয়ার কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। এর ফলে সিরিয়ার সাত বছরের সংঘাতে এখন আরও একটি যুদ্ধক্ষেত্র যোগ হলো। তুরস্কের যুদ্ধবিমানগুলো সিরিয়ার আফরিন অঞ্চলে কুর্দি মিলিশিয়াদের অবস্থান লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে। গত কদিন ধরেই তুরস্ক সেখানে কুর্দি অবস্থানগুলোর ওপর কামানের গোলা বর্ষণ করছিল।
সিরিয়ার কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে তুরস্ক তাদের এই অভিযানের নাম দিয়েছে অপারেশন ‘অলিভ ব্রাঞ্চ’। তুর্কী সেনাবাহিনী বলছে গ্রিনিচ মান সময় দুপুর দুটায় তাদের অভিযান শুরু হয়। মূলত কুর্দি মিলিশিয়া গোষ্ঠী ওয়াইপিজি এবং জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট তাদের এই অভিযানের লক্ষ্য।
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরদোয়ান বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে তাদের স্থল অভিযান কার্যত শুরু হয়ে গেছে। তুরস্কের সেনাবাহিনী স্থল-অভিযানের আগে আজ দ্বিতীয় দিনের মতো কুর্দি মিলিশিয়াদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে।
গত রাতে আফরিনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৭০টি কামানের গোলা বর্ষণ করা হয় বলে, কুর্দি মিলিশিয়া ওয়াইপিজি বলছে।
তিনি বলেন,আফরিনের ১০০ কিলোমিটার দূরের মানবিজ হবে তার পরবর্তী টার্গেট। সেখানে মোতায়েন করা রাশিয়ার সৈন্যদের এলাকা থেকে প্রত্যাহার করা হচ্ছে বলে খবর বেরুনোর পর রুশ পররাষ্ট্রমন্ত্রী তা অস্বীকার করেছেন। রাশিয়া অবশ্য বলেছে আফরিনের লড়াইয়ে তারা হস্তক্ষেপ করবে না।
সিরিয়া ইতিমধ্যে এরকম অভিযানের ব্যপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তুর্কি বিমান উড়তে দেখলে তা গুলি করে নামানো হবে।
সিরিয়ার আফরিন অঞ্চলটি ২০১২ সাল থেকে কুর্দি নিয়ন্ত্রণে আছে। গত কয়েক মাস ধরেই তুরস্ক বলছিল তারা এলাকাটিকে ওয়াইপিজি-মুক্ত করবে।