‘পদ্মাবত’ বিতর্কে এসেছে নতুন মোড়। এবার এই ছবির মুক্তি বন্ধ না হলে আত্মহত্যার হুমকি দিলেন রাজপুত মহিলারা। এই মর্মে শীর্ষ আদালতের কাছে তাঁরা পিটিশন দাখিল করবেন বলেও জানিয়েছেন তারা।
গত রবিবার রাজস্থানের চিতোরগড়ে প্রায় ৫০০ রাজপুত মহিলা একটি ‘স্বাভিমান’ মিছিল বের করেন। সেই মিছিল থেকেই তাঁরা স্লোগান তোলেন, পদ্মাবত মুক্তি বন্ধ করতে হবে। না হলে তাঁদের আত্মহত্যায় অনুমতি দিতে হবে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং রাজস্থানের মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন করেছেন তাঁরা।
ওই দিনের মিছিলে থাকা রাজপুত মহিলাদের দাবি, বানসালীর ছবিতে রাজস্থানের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। ওই অঞ্চলের মানুষের ভাবনায় আঘাত করা হয়েছে। যদিও আগেই এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছিলেন পরিচালক স্বয়ং।
এদিকে ‘পদ্মাবত’ টিমের তরফে আগেই জানানো হয়েছিল, পাঁচশো বছর আগে সুফি কবি মালিক মহম্মদ জয়েশের লেখা একটি কবিতা অবলম্বনে এই ছবি তৈরি হয়েছে। যেখানে চিতোরের রানি পদ্মিণীর এই জহরব্রত পালনের কথা লেখা ছিল। তার ভিত্তিতেই তৈরি হয়েছে চিত্রনাট্য।
কিন্তু রাজপুত করণী সেনা প্রথম থেকেই এই দাবি মানতে নারাজ। শুটিংয়ের সময় থেকেই তারা বিরোধিতা করে এসেছেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগামী ২৫ জানুয়ারি গোটা দেশে মুক্তি পাবে ‘পদ্মাবত’। এর পরেও বিক্ষোভ অব্যাহত।
ঐতিহাসিক কাহিনীর ওপরই নির্মিত হয়েছে সঞ্জয় লীলা বানসালির ছবি ‘পদ্মাবতী’। চিতোরের রানী পদ্মাবতীর রূপের কথা শুনে তাকে দেখতে দিল্লি থেকে মেবারে এসেছিলেন সুলতান আলাউদ্দিন খিলজি। সেখানে গিয়ে সুরক্ষিত দুর্গ দেখতে পেয়ে পদ্মাবতীর স্বামী রানা রাওয়াল রতন সিংকে খবর পাঠালেন যে তিনি পদ্মাবতীকে একবার দেখতে চান।
আলাউদ্দিন খিলজির হাত থেকে বাঁচতে রতন সিং এই আবদারে রাজি হলেন এবং স্ত্রীকে জানালেন। পদ্মাবতী জানালেন তিনি দেখা দিবেন। কিন্তু সরাসরি নয়, তাকে দেখতে হবে আয়নার প্রতিবিম্বের মাধ্যমে। রানীর রূপ মাত্র এক ঝলক দেখে প্রেমে পাগল হয়ে যান আলাউদ্দিন খিলজি এবং যে কোনো মূল্যে পদ্মাবতীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। পদ্মাবতীর শেষ পরিণতি ঘটে জীবন্ত অগ্নিকুণ্ডে ঝাপ দিয়ে আত্মাহুতির মাধ্যমে।
‘পদ্মাবতী’ ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বনসালি। ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকন। ‘পদ্মাবতী’র স্বামী রানা রাওয়াল রতন সিং এর ভূমিকায় আছেন শহীদ কাপুর এবং সুলতান আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা যাবে রণবীর সিং কে।
আরও পড়ুন; তবে কি মুক্তি পাচ্ছে না পদ্মাবতী
ভারতে পদ্মাবতীর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ
‘পদ্মাবতী’তে দীপিকাকে দেখার জন্য পাগল রণবীর
পদ্মাবতীর ট্রেলারে অসাধারণ শাহিদ-দীপিকা-রণবীর
