ভারতের চারটি রাজ্য বাদ দিয়ে সর্বত্রই মুক্তি পেয়েছে ‘পদ্মাবত’। তবে আজও ছবিতে ইতিহাস বিকৃত করা হয়েছে, এই অভিযোগ তুলে এ দিন বিভিন্ন জায়গায় হিংসাত্মক তাণ্ডব চালায় করণী সেনা। বুধবারের মতো এ দিনও নির্বিচারে চলেছে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সম্পত্তিহানি।
এদিকে করণী সেনার সঙ্গে এ দিন বিক্ষোভে যোগ দিয়েছে বজরঙ্গ দলের সদস্যেরাও। হৃষিকেশের একটি সিনেমা হলের বাইরে সকাল থেকেই দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বজরঙ্গ দলের সদস্যরা। হিংসা ছড়িয়েছে বারাণসীর বেশ কয়েকটি সিনেমা হলের বাইরেও। ছবিতে রাজপুতদের সম্মানহানি হয়েছে, এই অভিযোগ তুলে বারাণসীর একটি মাল্টিপ্লেক্সের বাইরে আত্মহত্যার চেষ্টা করে এক যুবক। তাঁকে আটক করেছে পুলিশ। ছবির প্রদর্শনী বন্ধ করার দাবি তুলে এ দিন লখনউয়ের নোভেল্টি সিনেমা হলের বাইরে বিক্ষোভ দেখায় করণী সেনারা। রাজস্থানের উদয়পুরে বিভিন্ন দোকানে চালানো হয় ভাঙচুর।
করণী সেনার তাণ্ডব রুখতে বন্ধ রাখা হয়েছে রাজস্থানের চিতোর দুর্গ। গত কালই দুর্গের দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছিল বিক্ষোভকারীরা।
এ দিন সকাল থেকেই হায়দরাবাদ, মুম্বই এবং আগ্রার বিভিন্ন সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সের বাইরে রয়েছে কড়া নিরাপত্তা। গতকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে দেহরাদূন এবং উত্তরাখণ্ডের বিভিন্ন মাল্টিপ্লেক্সের বাইরে। গুরুগ্রামের ঘটনার জেরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে ফরিদাবাদের বিভিন্ন হলের বাইরেও।
এদিকে কানপুর ক্ষত্রিয় মহাসভার প্রেসিডেন্ট গজেন্দ্র সিংহ রাজাওয়াত বুধবার সংবাদমাধ্যমে বলেন, ‘আমরা কানপুরের সাধারণ মানুষদের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করেছি। যিনি দীপিকার নাক কাটতে পারবেন, তাঁকে ওই টাকা পুরস্কার দেব।’
তবে, সুপ্রিম কোর্ট আগেই কড়া নির্দেশ দিয়েছিল, গোটা দেশেই যেন মুক্তি পায় ছবিটি। কিন্তু, রাজস্থান, হরিয়ানা, গুজরাত এবং মধ্যপ্রদেশে ছবিটি এ দিন মুক্তি পায়নি। এর পরেই আদালত অবমাননার অভিযোগ এনে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন তেহসিন পুনাওয়ালা নামে এক কংগ্রেস সমর্থক।
ঐতিহাসিক কাহিনীর ওপরই নির্মিত হয়েছে সঞ্জয় লীলা বানসালির ছবি ‘পদ্মাবতী’। চিতোরের রানী পদ্মাবতীর রূপের কথা শুনে তাকে দেখতে দিল্লি থেকে মেবারে এসেছিলেন সুলতান আলাউদ্দিন খিলজি। সেখানে গিয়ে সুরক্ষিত দুর্গ দেখতে পেয়ে পদ্মাবতীর স্বামী রানা রাওয়াল রতন সিংকে খবর পাঠালেন যে তিনি পদ্মাবতীকে একবার দেখতে চান।
আলাউদ্দিন খিলজির হাত থেকে বাঁচতে রতন সিং এই আবদারে রাজি হলেন এবং স্ত্রীকে জানালেন। পদ্মাবতী জানালেন তিনি দেখা দিবেন। কিন্তু সরাসরি নয়, তাকে দেখতে হবে আয়নার প্রতিবিম্বের মাধ্যমে। রানীর রূপ মাত্র এক ঝলক দেখে প্রেমে পাগল হয়ে যান আলাউদ্দিন খিলজি এবং যে কোনো মূল্যে পদ্মাবতীকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। পদ্মাবতীর শেষ পরিণতি ঘটে জীবন্ত অগ্নিকুণ্ডে ঝাপ দিয়ে আত্মাহুতির মাধ্যমে।
‘পদ্মাবতী’ ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বনসালি। ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকন। ‘পদ্মাবতী’র স্বামী রানা রাওয়াল রতন সিং এর ভূমিকায় আছেন শহীদ কাপুর এবং সুলতান আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা যাবে রণবীর সিং কে।
আরও পড়ুন; তবে কি মুক্তি পাচ্ছে না পদ্মাবতী
ভারতে পদ্মাবতীর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ
‘পদ্মাবতী’তে দীপিকাকে দেখার জন্য পাগল রণবীর
পদ্মাবতীর ট্রেলারে অসাধারণ শাহিদ-দীপিকা-রণবীর
