স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত ওজন



অন্য সব রোগের তুলনায় স্তন ক্যান্সারে নারীদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। সাধারণত ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই ক্যান্সার হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।সম্প্রতি গবেষকরা এক গবেষণায় স্তন ক্যান্সারের সাথে নারীদের অতিরিক্ত ওজনের স্পষ্ট সম্পর্ক পেয়েছেন।
অ্যামেরিকান ক্যান্সার সোসাইটির এই গবেষকরা জানান, নারীদের অতিরিক্ত ওজন এই ক্যান্সারের ঝুঁকি বহুলাংশে বাড়িয়ে দেয়।
এ গবেষণায় গবেষকগণ ৩৪৬০ জন স্তন ক্যান্সার আক্রান্ত নারীর তথ্য গবেষণা করেন। এদের মধ্যে বেশিরভাগ নারীর ওজনই বেশি ছিল।
গবেষকগণ জানান, এক্ষেত্রে খুব সামান্য পরিমাণ ওজন বৃদ্ধিও অনেক বেশি মাত্রায় ক্ষতি করতে পারে।
গবেষকগণ জানান, ওজন বাড়ার সঙ্গে যেহেতু স্তন ক্যান্সারের সুনির্দিষ্ট সম্পর্ক পাওয়া গেছে, তাই যেসব মহিলার ওজন বেশি তাদের অবশ্যই সচেতন হতে হবে। তেল চর্বি বর্জন করতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে। ওজন কমলে শুধু যে স্তন ক্যান্সারের ঝুঁকি কমবে তা নয়, হার্টের অসুখ বা স্ট্রোকের ঝুঁকিও কমে যাবে।
এতোদিন এই ক্যান্সারের ব্যাপারে নারীদের সচেতন করার জোরটা ছিল বেশি, কিন্তু এখন পুরুষদেরকেও সচেতন করার জোর চেষ্টা চালানো হচ্ছে। কারণ, পুরুষদের মধ্যেও স্তন ক্যান্সার দেখা দিতে পারে। যদিও পুরুষদের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার খুবই কম।