কাবুলে সামরিক একাডেমির কাছে আইএস হামলা, নিহত ৫




আফগানিস্তানের কাবুলে একটি সামরিক একাডেমির কাছে সেনাবাহিনীর একটি ফাঁড়িতে জঙ্গি হামলায় অন্তত পাঁচ সৈন্য নিহত হয়েছেন। নিজেদের বার্তা সংস্থা আমাকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে।
আজ সোমবার ভোর প্রায় ৫টার দিকে অন্তত পাঁচ জঙ্গির চালানো হামলাটিতে আরো ১০ সৈন্য আহত হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ জঙ্গি রকেট চালিত গ্রেনেড ও স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে সুরক্ষিত মার্শাল ফাহিম সামরিক একাডেমি কাছে ওই ফাঁড়িটিতে হামলা চালায়।
মন্ত্রণালয়টি জানিয়েছে, দুই হামলাকারী ফাঁড়ির কাছে এসে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, লড়াইয়ে অপর দুজন নিহত হয় এবং বাকী একজনক আটক করা হয়েছে। লড়াই শেষে হয়েছে এবং পাঁচ সৈন্য নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে বিবৃতিতে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর প্রায় ৫টার দিকে ওই এলাকা থেকে আসা ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শুনেছেন তিনি এবং প্রায় আধ ঘন্টা ধরে বিস্ফোরণ অব্যাহত ছিল।
এ হামলার মাত্র দুই দিন আগে শনিবার দুপুরে শহরের কেন্দ্রস্থলে চালানো এক আত্মঘাতী অ্যাম্বুলেন্স বোমা হামলায় অন্তত ১০৩ জন নিহত ও ২৩৫ জন আহত হন। এর এক সপ্তাহ আগে শহরের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলা চালিয়ে অন্তত ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। এই উভয় হামলারই দায় স্বীকার করেছে তালেবান।