৫০০ কোটির ক্লাবের পথে ‘সিক্রেট সুপারস্টার’




বেশ প্রত্যাশার জন্ম দিয়েই মুক্তি পেয়েছিল বলিউডের পারফেকশনিস্ট আমির খানের সিক্রেট সুপারস্টার সিনেমাটি। সাথে ছিল দঙ্গল কন্যা জাইরা ওয়াসিম। ধারণা করা হচ্ছিল এর মধ্য দিয়ে আরেকটি দঙ্গল বা পিকে র জন্ম দেবেন আমির। তবে সবাইকে হতাশ করে ভারতের বক্স অফিসে ব্যর্থ হয়েছিল সিনেমাটি। কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে আমির খানের এই ড্রিম প্রজেক্ট।
বক্স অফিস বিশ্লেষ তরণ আদর্শ জানিয়েছেন, কিছু দিনের মধ্যেই ৫০০ কোটির ক্লাব ছাড়িয়ে যাবে এই সিনেমাটি। ভারতীয় ছবির ইতিহাসে বিদেশে এত টাকার ব্যবসা কোনও ছবি আগে করেনি। যে ‘দঙ্গল’ চিনে বিরাট অঙ্কের ব্যবসা করেছিল, তাকেও পিছনে ফেলে এখন এক নম্বরে ‘সিক্রেট সুপারস্টার’।
খুব রক্ষণশীল মুসলমান পরিবারের কিশোরী নয় ইনসিয়া। কিন্তু বাবার ‘পুরুষালি’ শাসনে বাঁধা বাড়ির সমস্ত সদস্য। সেই বাবার অত্যাচারেই দুমড়ে মুচড়ে যাওয়া ইনসিয়ার বড় গাইয়ে হওয়ার স্বপ্ন কী ভাবে শেষ পর্যন্ত সফল হল, এটাই ছবির প্রতিপাদ্য। এই ছবিতে গান গাইবার স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে আসলে ইনসিয়া আরও বড় কোনও বাঁধন, পিছুটান ভাঙতে থাকে।
তারে জমিন পর, পিকে বা দঙ্গলের ‘নায়ক’ আমির খান এই ছবিতে নিজেকে ভরকেন্দ্র থেকে যতটা সম্ভব দূরে রেখেছেন। তিনি এখানে কেবল পাশে থাকেন। শক্তিকুমার শেষ অবধি খুবই ভাল এবং অত্যন্ত মজার একটি চরিত্র।