বিয়ের পর আনুশকার হাতে সুই-সুতা!




গত বছরটা এই রকমই জাঁকজমকপূর্ণ কেটেছে আনুশকা শর্মার। বছরের প্রায় শেষদিকে তার বিয়ের খবরে গরম ছিল সংবাদপত্রের বিনোদন পাতা। তবে বিয়ের পর; আনুশকার হাতে উঠে এসেছে সুই-সুতা! এদিকে হালের সেনসেশন বরুণ ধাওয়ান সেলাই মেশিনে মগ্ন ।
আনুশকার হাতে সূই-সুতা কেন? আসলে বিয়ের পর আবার কাজে ফিরেছেন আনুশকা। আর এ ছবি তারই প্রমাণ। আসলে সূই-সুতার কারসাজি শিখছেন অভিনেত্রী। ‘সুই ধাগা’ ছবির জন্য কঠিন কসরত করছেন তিনি। ‘সুই ধাগা’র সেটে নিজের এই ছবিটি টুইটারে শেয়ার করেছেন আনুশকা নিজেই।
বিয়ের পর আনুশকার হাতে সুই-সুতা!
শুধু তাই নয়, এ ছবিরই সেটে আনুশকার আরও একটি ছবি সামনে এসেছে। সেই ছবিতে নীল শাড়ি পরে এক্কেবারে ঘরোয়া লুকে দেখা গিয়েছে অনুষ্কাকে।
পুরোদমে এই মুহূর্তে শুটিং চলছে যশ রাজ ও মণীশ শর্মা প্রযোজিত এই ছবির। ছবিতে আনুশকার বিপরীতে দেখা যাবে বরুণ ধবনকে। এই প্রথম বার জুটি বাঁধতে চলেছেন আনুশকা ও বরুণ। বরুণ নিজেও কিছুদিন আগে একটি ছবি শেয়ার করেছিলেন ‘সুই ধাগা’র সেট থেকেই। সেই ছবিতেও সেলাই মেশিনে মগ্ন দেখা গিয়েছিল বরুণকে।
বিয়ের পরে দক্ষিণ আফ্রিকায় বিরাটের সঙ্গে ঝটিকা সফর সেরেই মাঠে নেমে পড়েছিলেন আনুশকা। শাহরুখের সঙ্গে ‘জিরো’ ছবির শুটিংও শেষ করে ফেলেছেন ইতিমধ্যেই। আর এখন আনুশকার ধ্যান-জ্ঞান ‘সুই ধাগা’। চলতি বছরের ২৮ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।