বরেন্দ্র ফরিদ
বাঁধ আর বেরী বাঁধ সব বাঁধ একাকার,
বিল ঝিল মাঠ প্রান্তর চারিদিকে ঘোলা জল
অসীম জলরাশি সবুজ ঢেকে গেছে
গেছে ধসে মোমেনার লালমাটির ঘর।
আমডুবি গাঁয়ের দু-বিঘা জমিতেই
অঘ্রানের আশায় রোপে ছিলো ধান,
সুদ সমেত টাকা গুনে ব্যাপারী
নিতিন খুরোকে দিলো হাজার কুড়ি।
ধান গেলো টাকা গেলো, গেলো জমিটা,
নদের পেটে গেলো চালা ঘরটা।
অশ্রু ভেসে গেছে বানের জলে
দুচোখ রয়ে গেছে ডোবা ফসলে।
অবলা ছাগি দুটোর দুধশূন্য বাঁটে
ছাগ ছানাদের অনাহারে দিন কাটে,
বাঁধের ইটের ফাঁকে ছিলো কটা ঘাস-
বানভাসির চলাচলে হারিয়েছে শ্বাস।
আশ্রয় শিবিরে দিনভর ফটোসেশন
এনড্রয়েট মোবাইলে সেলফিতে কার্বন,
দেয় ত্রাণ একবার ছবি তোলে দশবার-
তাই তো সেই কাজ হয় যে বারবার।
আসেন নেতা, পাতি নেতা এনজিওকর্মী
ব্যথায় তাঁরা যেনো অতিশয় মরমী,
আশা ভরসার কত কথা বলে যান-
মনে হয় দেবে বুঝি এক্ষুণি প্রাণ।
পরদিন সকালে যে পত্রিকায় নজর
ছবি আছে দেখে তাই গায়ে এলো জ্বর,
এরপর যাওয়া নেই বানভাসি শিবিরে
টিকিটটা নিতে হবে ব্যস্ত সেই ফিকিরে।
ভেঙে গেছে যত বাঁধ সড়কের চামড়া
যতো কাজ হবে সব পাবো আমরা,
পকেট গরম হবে ঠিকাদার হবে লাল-
তাই তো আগেভাগে বিছাতে হবে জাল।
বানের জলে ভাসে সরকারি টাকা
পাতিকাক দাঁড়কাক করে তাই কা-কা …
যে দেবে গ্যারান্টি আবারো ভাঙবে বাঁধ
সব কাজ তিনিই পাবেন পূরণ হবে সাধ।
জল নেই জাল নেই সব মাছ উজানে
সাতদিন নেই আগুন হেসেলের উনুনে,
সবে বিয়ে পারুলের ঘর নেই বাসরের হয় নি
তো সেই দেখা বৌভাত আসরে।
ন্যাপা-বুচির সর্দি কাশি হামজ্বর
মায়ের অবস্থা হয়ে আছে মর মর।
বানের জলের মতো দুর্নীতি বাড়ছে
সমাজের রন্ধ্রের যক্ষাটা হাসছে।
