অতিরিক্ত পরিশ্রমে ইন্দোনেশিয়ার ২৭০ নির্বাচন কর্মীর মৃত্যু


paperslife

ইন্দোনেশিয়ায় একদিনে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে বড় নির্বাচনে দীর্ঘ সময় ধরে হাত দিয়ে লাখ লাখ ব্যালট পেপার গণনা করে ১০ দিন পর অতিরিক্ত শ্রমজনিত অসুস্থতায় ২৭০ জনেরও বেশি নির্বাচন কর্মীর মৃত্যু হয়েছে।

এমাসের ১৭ তারিখে প্রথমবারের মতো ২৬ কোটি লোকসংখ্যার ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট, জাতীয় ও আঞ্চলিক পার্লামেন্টের ভোট এক দিনে গ্রহণ করা হয়এবং ১৯ কোটি ৩০ লাখ ভোটারের মধ্যে ৮০ শতাংশ ভোট দেয়। ভোটারদের প্রত্যেকে ভোট দিতে পাঁচটি ব্যালট পেপার ব্যবহার করেন।

সেই থেকে শনিবার রাত পর্যন্ত ২৭২ জন নির্বাচনী কর্মকর্তার মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে অতিরিক্ত পরিশ্রমজনিত অসুস্থতায়; আরও এক হাজার ৮৭৮ জন অসুস্থ রয়েছেন বলে জেনারেল ইলেকশন কমিশনের (কেপিইউ) মুখপাত্র আরিফ প্রিয় সুসান্ত জানিয়েছেন।

এদিকে ২৩ এপ্রিল ইস্যু করা এক সার্কুলার লেটারে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় অসুস্থ নির্বাচনী কর্মীদের সর্বোচ্চ সেবা দিতে হাসপাতালগুলোকে নির্দেশ দেয়। অপরদিকে যারা মারা গেছেন সেসব কর্মকর্তাদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে অর্থ মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন সুসান্ত।

মৃতের সংখ্যা বাড়তে থাকায় কেপিইউ তীব্র সমালোচনার মুখে পড়েছে।

এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের বেসরকারি ফলাফলে ক্ষমতাসীন প্রেসিডেন্ট জোকো উইদোদো জয়ী হয়েছেন বলে বলা হয়েছে। ভোট গণনা শেষে কেপিইউ আগামী ২২ মে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের বিজয়ীদের নাম ঘোষণা করবে।