বিশ্বজুড়ে চলমান করোনা সংক্রমণে আক্রান্ত এবং মৃত্যুর হারের দিক দিয়ে এবার তিন মাসের মাথায় শীর্ষ ২০দেশের তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
আজ শুক্রবার (৫ জুন) পর্যন্ত দেশে মোট ৬০ হাজার ৩৯১ জনের মধ্যে করোনাভাইরাস ধরা পড়লো। তাদের মধ্যে মারা গেছে ৩০ জন। সব মিলিয়ে দেশে কোভিড-১৯ রোগে মারা যাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৮১১।
ওয়ার্ল্ডোমিটারে করোনাভাইরাস সংক্রমিত দেশের তালিকায় এক নম্বরে আছে যুক্তরাষ্ট্র। তবে আমেরিকায় মৃত্যুহার কমেছে। শীর্ষ ২০ দেশের তালিকায় থাকা মেক্সিকোতে নতুন করে ৮১৬ জন, পাকিস্তানে ৬৮ জন ও রাশিয়ায় মারা গেছে ১৪৪ জন।
বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা গত ৮ মার্চ জানিয়েছিলেন, বাংলাদেশে তিন জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে দুই জন পুরুষ, অন্যজন নারী। করোনাভাইরাসে আক্রান্ত এই তিন ব্যক্তির মধ্যে দুই জন ইতালি থেকে দেশে ফিরেছেন।
আইইডিসিআর পরিচালক আরও জানান, ইতালি থেকে আসা দু’জন ভিন্ন পরিবারের সদস্য। তাদের একজন বাসায় আসার পর তার মাধ্যমে একজন নারীও আক্রান্ত হয়েছেন।
দেশে করোনা আক্রান্ত প্রথম রোগী মারা যায় ঠিক ১০ দিন পর (১৮ মার্চ)। তার বয়স ছিল ৭০ বছরের বেশি। এক আত্মীয়ের মাধ্যমে তিনি সংক্রমিত হয়েছিলেন বলে জানায় আইইডিসিআর। সংক্রমণের পর তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস।

