পৃথিবীর ইতিহাসে প্রথম একজন অন্ধ নাবিক মিৎসুহিরো ইওয়ামোতো একটানা নৌযান চালিয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছেন। অন্ধ নাবিক জাপানের নাগরিক। এটিই প্রথম কোনো দৃষ্টিশক্তিহীন ব্যক্তির প্রথম প্রশান্ত মহাসাগর পাড়ি দেয়া।
মিৎসুহিরো ইওয়ামোতো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা শুরু করেন। প্রায় দুই মাস সমুদ্রভ্রমণ শেষে জাপানের ফুকুশিমা বন্দরে পৌঁছেন। তিনি ১২ মিটার নৌযানে করে এ কঠিন কাজটি সম্পন্ন করেন।
অসীম সাহসী নাবিক ইওয়ামোতো সান ডিয়াগোর বাসিন্দা। তিনি ক্যালিফোর্নিয়া থেকে নৌচালনায় সহকারী মার্কিন নাগরিক ডউগ স্মিথের সঙ্গে রওনা দেন। স্মিথ ইওয়ামোতোকে বাতাসের দিক পরিবর্তনের মতো তথ্য দিয়ে সহায়তা করেন।
ছয় বছর আগে তিনি প্রথমবার এ কঠিন কাজটি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সেবার তার ইয়টটি তিমির আঘাতে ডুবে যায়। তার ইয়টটি ১৪ হাজার কিলোমিটার জলপথ পাড়ি দিয়ে ফুকুশিমায় পৌঁছলে সেখানে বিপুলসংখ্যক মানুষ তাকে স্বাগত জানায়।
ইওয়ামোতো বলেন, ‘আমি দেশে পৌঁছেছি। আপনাদের ধন্যবাদ।’
ইওয়ামোতোর উদ্ধৃতি দিয়ে জাপানের কিয়াডো নিউজ জানায়, ‘আমি হার মানিনি এবং আমার স্বপ্নপূরণ করেছি।’
কিয়োডো নিউজ আরও জানায়, এটিই প্রথম কোনো অন্ধ নাবিকের প্রশান্ত জয়ের ঘটনা। ইওয়ামোতো মাত্র ১৬ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান।

