করোনাভাইরাসে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় সবথেকে দ্রুতগতিতে সংক্রমণ বাড়ছে ভারতে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লমবার্গ এ তথ্য দিয়েছে। এতে বলা হয়েছে, গত সপ্তাহের তুলনায় একধাক্কায় ২০ শতাংশ বেড়েছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা।
এরই মধ্যে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রতিবেদনে বলছে, প্রতিদিন প্রায় ৫০ হাজার করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
মহারাষ্ট্র, তামিল নাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের ঠিক পেছনেই রয়েছে ভারত।
তবে শুধু সংক্রমণের দিক দিয়ে নয়, ভারতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। সোমবারই মৃত্যু হয়েছে ৬৫৪ জনের। এদিন পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪২৫।

