অবশেষে আদালতের দেয়া নির্দেশনা মেনে এক হাজার কোটি টাকা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে দিতে সম্মত হয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
আগামী রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিটিআরসি-কে এই টাকা দেবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া অন্য এক প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণফোন বাংলাদেশের আইনি ব্যবস্থা-সুপ্রিম কোর্টের নির্দেশকে সম্মান করে।
এরইমধ্যে বিটিআরসি গ্রামীণফোনের কার্যক্রমকে সীমাবদ্ধ করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছে এরমধ্যে রয়েছে অনাপত্তিপত্র বাতিল করা, লাইসেন্স বাতিলকরণের কারণ দর্শানোর নোটিশ জারি, নম্বর সিরিজের পুনর্ব্যবহারের অনুমতি না দেওয়া এবং প্রশাসক নিয়োগের হুমকি দেওয়া।
এই পদক্ষেপগুলো গ্রাহকের এবং ব্যবসায়িক অংশীদারদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে এবং ব্যবসার পরিবেশ নষ্ট করেছে। সেইসাথে বিনিয়োগকারীদের আগ্রহ হ্রাস করেছে। কোর্টের নির্দেশনা মেনে গ্রামীণফোন টাকা জমা দিচ্ছে। গ্রামীণফোন আশা করে, এরপর বাধা ছাড়াই প্রতিষ্ঠানটি ব্যবসায়িক কার্যক্রম চালাতে পারবে।
উল্লেখ্য বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গ্রামীণফোনের রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে বিটিআরসিকে এক হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

