অর্বাচীনদের কথায় কান না দিয়ে নিজের কাজ নিজে করুন: প্রধানমন্ত্রী



সর্বজনীন পেনশন স্কিম নিয়ে অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে ভালো কাজটাই করেছি, একটা পক্ষ বিরোধিতা বা সমালোচনা করেছে। পরে আবার দেখেছি, তারাই সেটার সুফল ভোগ করেছে। আজ যারা পেনশনের সমালোচনা করছে, তারাও এটার মধ্যে আসবে দেখবেন। তাই আমি বলবো এই অর্বাচীনদের কথায় কান না দিয়ে নিজের কাজ নিজে করুন।

তিনি বলেন, আমরা জনগণের কল্যাণে কাজ করি, জনগণ সেটা দেখে এবং বোঝে।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় গণভবনে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিএনপি নেতাদের সিঙ্গাপুর সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোথায় গিয়ে কার শিং গজালো সেটা তো আমি দেখতে পারবো না। তারপরও যেহেতু বলেছেন, আমাদের গোয়েন্দা সংস্থাকে সেটা দেখতে হবে, দেখবে। তবে ওটা নিয়ে আমি চিন্তা করি না।

আরও পড়ুনঃ রাজনীতির কারণে আদালতকে কলুষিত করা যাবে না: আইনমন্ত্রী

দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সিন্ডিকেট ভাঙা যাবে না, এটা কোনো কথা নয়। কে কত বড় শক্তিশালী আমি দেখবো। সিন্ডিকেট ভাঙা যাবে না এমন কিছু বাণিজ্যমন্ত্রী বললে তাকে আমি ধরবো।

উৎপাদন বাড়িয়ে এবং বিকল্প ব্যবস্থা করে আমরা এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী।

অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে শেখ হাসিনা বলেন, নির্বাচনে অংশগ্রহণটা কার? ভোট চোরদের, ভোট ডাকাতদের, খুনি, জাতির পিতার হত্যাকারী, ২১ আগস্টের হামলা কারীদের? এদেরকে মানুষ চায়? এদের প্রতি তো মানুষের ঘৃণা আছে। ২০০৮ সালে প্রমাণ হয়েছে। আমার কাছে অংশগ্রহণ বলতে, জনগণের অংশগ্রহণ, সেটা থাকবে। জনগণ এরই মধ্যে সব নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশের যখন গেলাম। যার সঙ্গে দেখা হয়েছে। বলে, কী করে বাংলাদেশ এত উন্নতি করলো? আর দেশের এরা এটা বলে না। তারা পরশ্রীকাতরতায় ভোগে। আমি ওটা নিয়ে চিন্তা করি না। যতক্ষণ আছি, দেশের জন্য কাজ করে যাবো।