করোনাভাইরাসের কারণে থমকে যাওয়া বিশ্বে স্থবির হয়ে পড়েছে বিশ্বের ক্রীড়াঙ্গন। এ অবস্থায় বিশ্বের সব ধরণের খেলা বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ক্রিকেটও।
তবুও প্রস্তুত আছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বছরের শেষে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথা ভারতের। করোনা পরবর্তী পরিস্থিতিতে যদি এই সিরিজ যদি হয়, তার জন্য পরিকল্পনা তৈরি রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া।।
নিয়মমতো অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পর কোহলিদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতীয় দলকে অ্যাডিলেড ওভালের নবনির্মিত হোটেলে রাখতে চাইছে। সেখানেই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন টিম ইন্ডিয়া সদস্যরা।
অ্যাডিলেডের ক্রিকেট স্টেডিয়ামের পাশেই তৈরি হচ্ছে বিলাসবহুল হোটেল। সেপ্টেম্বরেই খুলে যাওয়ার কথা এই হোটেলের। দক্ষিণ অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্থার প্রধান ইতিমধ্যেই ভারতীয় দলকে এই হোটেলে রাখার প্রস্তাব পৌঁছে দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধানের কাছে।
অ্যাডিলেড ওভাল হোটেলে কোহলিরা থাকলে সহজেই স্টেডিয়াম সংলগ্ন নেটে অনুশীলন করতে পারবেন এমনকি দর্শকশূন্য অ্যাডিলেডে ওয়ার্ম আপ ম্যাচের ব্যবস্থা করা যেতে পারে।
এর আগে দর্শকশূন্য হলেও বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা পোষণ করে অস্ট্রেলিয়া। প্রয়োজনে বিশ্বকাপে অংশগ্রহণ করা দেশগুলোকে বিশেষ চার্টার্ড বিমানে করে নিয়ে যাওয়া হতে পারে বলে জানান তারা।

