করোনাভাইরাসের কারণে থমকে গেছে বিশ্বের ক্রীড়াঙ্গন। বাতিল হয়েছে বড় বড় ইভেন্ট। বন্ধ রয়েছে সব ধরণের খেলা। এরই মাঝে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)।
গত মার্চের ২৯ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। করোনাভাইরাসের কারণে তা আর শুরু করা সম্ভব হয় নি। অনেকেই বলছেন, এবারের আইপিএল সম্ভবত বাতিল হয়ে যাবে। আর বাতিল হলে কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের।
বিভিন্ন দেশের ক্রিকেটাররা প্রস্তাব দিয়েছেন, রুদ্ধদ্বার স্টেডিয়ামে আইপিএল আয়োজনের। শুধুমাত্র টিভিতে খেলা দেখতে পারবেন দর্শকরা। এতে আর্থিক ক্ষতি কমিয়ে আনা যাবে।
কিন্তু এমন প্রস্তাবে বিসিসিআইয়ের একাংশ রাজি নয়। তারা ক্রিকেটারদের জীবন হুমকিতে ঠেলে দিতে রাজি নয়। ভারতে এখন পর্যন্ত করোনাআক্রান্তের সংখ্যা সাড়ে ১২ হাজার। মারা গেছে ৪ শতাধিক মানুষ।
এই অবস্থায় ভারত যদি আইপিএল আয়োজন করতে না-ই পারে, তবে সুযোগটা নিতে চায় শ্রীলঙ্কা। আইপিএল আয়োজনে ইচ্ছা পোষণ করে এশিয়ার দেশটি। ইতোমধ্যে বিসিসিআইকে প্রস্তাবও দিয়েছে লঙ্কান বোর্ড।
এসএলসি সভাপতি শাম্মি সিলভা বলেন, ‘যদি আইপিএল বাতিল হয়ে যায়, তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইপিএলের অংশীদাররা ৫০০ মিলিয়ন ইউএস ডলারের বেশি লোকসান করবে। তাই তাদের জন্য অন্য দেশে টুর্নামেন্টটি আয়োজন করতে পারলে ভালো হবে, যেমনটা হয়েছিল ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায়।’
শাম্মি সিলভা আরও বলেছেন, ‘যদি তারা (বিসিসিআই) প্রস্তাবটিতে সম্মত হয়, তবে আমরা শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সব সুযোগ সুবিধার ব্যবস্থা করব।’

