আইসোলেশন থেকে পালালেন করোনা রোগী!



করোনা আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়ার নার্সিং ইনস্টিটিউটের আইসোলেশন সেন্টার থেকে কেফায়েত উল্লাহ (৩৮) নামের এক রোগী পালিয়ে গেছে।

সে সরাইল উপজেলার টিঘর গ্রামের মৃত আনোয়ারুজ্জামানের ছেলে। আজ (৮ জুন) সোমবার দুপুরে আইসোলেশন সেন্টারের দায়িত্বে থাকা চিকিৎসক একরামুল রেজা টিপু বিষয়টি নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নার্সিং ইন্সটিটিউট এর আইসোলোশন সেন্টার থেকে ৭ জনকে ছাড়পত্র দেয়া হয়। তাদের জিনিসপত্র তুলে দেয়ার পর হাসপাতালের সেবাকর্মীরা দেখতে পানা ওই রোগী ওয়ার্ডে নেই। খোঁজাখুঁজির পর বোঝা যায় সেই রোগী পালিয়ে গেছে। এমনকি রোগীর পরিবারের লোকেরাও জানান, যে তিনি বাড়ি ফেরেননি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা উপ-পরির্দশক (এস.আই) আব্দুল সামাদ বলেন, রোগীর খোঁজে পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। আক্রান্ত রোগীকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে। সেই সঙ্গে হাসপাতালে পুলিশ প্রহরা বাড়ানো হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগী পালিয়ে যাওয়ার বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরী ও এখানের নিরাপত্তা আরও জোরদার করতে জেলা ও পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।