বাংলাদেশের ব্যান্ড দুনিয়ায় এলআরবি শুধু একটি নাম নয়। ভক্তদের আবেগ-ভালবাসায় জর্জরিত এই ব্যান্ডের গতিপথ থেমে গিয়েছিল গতবছর। হৃদরোগে আক্রান্ত হয়ে গতবছরের ১৮ই অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। আইয়ুব বাচ্চুর মহাপ্রয়াণের পর মনে হয়েছিল, বাংলা ব্যান্ড ইতিহাসের অন্যতম সেরা ব্যান্ড এলআরবির পথচলা বুঝি এখানেই থেমে যাবে।
দুই যুগেরও অধিক সময় ধরে যে ব্যান্ড একজনের হাতে করেই এগিয়ে চলছিল, তাকে ছাড়া আইয়ুব সেই এলআরবি ব্যান্ডকে কল্পনা করাও যে ভক্তদের কাছে কঠিন।
১৯৯১ সালে আইয়ুব বাচ্চু, স্বপন, জয় ও এস আই টুটুলকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেছিল এলআরবি। আইয়ুব বাচ্চু বিহীন এলআরবি পা দিয়েছে ২৯ বছরে। এই নতুন দিনে নতুন করে এগিয়ে যাওয়ার ঘোষণা এসেছে।
আইয়ুব বাচ্চুর জায়গা দখল করতে ভোকাল হিসেবে বালামের নাম ঘোষণা করেছে এলআরবি। এলআরবি-এর মত বড় ব্যান্ডে জায়গা করে নেওয়া সহজ কথা নয়, মানছেন বালাম। গতকাল বেইলি রোডের ক্যাফে থার্টিতে অনুষ্ঠিত এলআরবি ব্যান্ডের জন্মদিনে অকপটে এই কথা স্বীকার করেছেন নিজেই।
বালাম বলেছেন, ‘এলআরবি একটা বড় নাম। সবাই মনে রাখবে এই ব্যান্ডটিকে। আমাদের লিজেন্ড বাচ্চু ভাই। আপনাদের কাছে অনুরোধ, কেউ আমাকে বাচ্চু ভাইয়ের রিপ্লেসমেন্ট ভাববেন না। বাচ্চু ভাইয়ের রিপ্লেসমেন্ট সম্ভব না। আমি বালাম কোনো দিনও বাচ্চু ভাইয়ের মতো হতে পারব না। আমি চেষ্টা করবো এলআরবিকে সাপোর্ট দিনে। আপনাদের ভালোবাসা চাই।’
সলো এলবামগুলো দিয়ে অধিক পরিচিতি পেলেও বালামের মিউজিক ক্যারিয়ারের শুরুটা ব্যান্ডের হয়েই। ১৯৯৫ সালে বন্ধুদের সাথে নিয়ে শুরু করেছিলেন রেইনিগেডস নামের একটি ব্যান্ড।
১৯৯৮ সালের শেষদিকে তিনি যুক্ত হন ওয়ারফেজের সাথে। শুরুতে অবশ্য তিনি লিড ভোকালিস্ট ছিলেন না। তবে, ২০০২ সালে ওয়ারফেজের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জয় ও বাবনা ব্যক্তিগত কারণে ওয়ারফেজ ত্যাগ করলে বালাম ওয়ারফেজের লিড ভোকালের দায়িত্ব পান।
ওয়ারফেজ ত্যাগ করার পর একক গানেই মনোনিবেশ করেন বালাম। এরপর দীর্ঘ সময় পর আবারো যুক্ত হচ্ছেন ব্যান্ডের সাথে।
আইয়ুব বাচ্চুর জায়গায় অন্য কাউকে মেনে নেওয়া কঠিন। বালাম কিভাবে সে জায়গাটা নিতে পারেন, এখন তাই দেখার বিষয়।

