কুমিল্লার তিতাসে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী নবীর হোসেন নবীকে (৫৫) গলা কেটে হত্যা (জবাই) করেছে দুর্বৃত্তরা। রোববার (২৪ মে) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বাতাকান্দি-মোহনপুর সড়কের কৈয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ঘবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত নবীর হোসেন উপজেলার ২ নং জগতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের ছেলে রাসেল জানায়, রোববার ইফতারের পর স্থানীয় ভূইয়ার বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন তার বাবা। পথেই এ ঘটনা ঘটে। রাসেলের সন্দেহ, ডাকাতির অভিযোগে গ্রেফতার হওয়া তার চাচাতো ভাই আউয়াল জামিনে মুক্তি পেয়ে সহযোগিদের নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলাম বলেন, নবীর হোসেনকে হত্যার ঘটনায় সন্দেহভাজনদের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

