আকস্মিক বন্যায় ইরানে নিহত ১৯


paperslife

ইরানে আকস্মিক বন্যায় প্রায় ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়াও, আহত হয়েছে আরও প্রায় ১০০ জনের মত। আকস্মিক এ বন্যা ইরানের দক্ষিণ ও পশ্চিমের কিছু অংশে আঘাত হেনেছে।

এমতাবস্থায়, বন্যার সময় সতর্ক থাকতে ইরান সরকার ওই অঞ্চলের সকল নাগরিকদের আহ্বান জানিয়েছে এবং এইসময় সকলকে ভ্রমণ করা হতে বিরত থাকতে বলা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। আকস্মিক এ বন্যা এমন সময় ঘটলো যে সময়টা ইরানে নববর্ষ এবং এই সময় মানুষ বিভিন্ন জায়গায় ভ্রমণে বের হয়।

বিভিন্ন সামাজিক মাধ্যমে অত্র অঞ্চলের বন্যার ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে ময়লা পানি শিরাজ নামক শহরের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। অধিকাংশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। মানুষ লাম্পপোষ্ট, গাড়ী সহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছে। এবং সবচেয়ে বেশি মৃতের খবর এই শহরেই পাওয়া গেছে।

শিরাজে শহরের এক বাসিন্দা জানান, মাত্র ১৫ মিনিটের মধ্যেই দুই ধাপে তীব্র বৃষ্টিতে বন্যার সৃষ্টি হয়, যা থেকে  পুরো শহর প্লাবিত হয়ে যায়। মৃতের সংখ্যা আরো কম হতো, যদি মানুষ নিরাপদ স্থানে অবস্থান করত।

এদিকে, ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের সতর্কবার্তা মেনে চলার অনুরোধ জানিয়েছে। কোন কোন সড়ক বা অঞ্চল বন্যার ঝুঁকিতে রয়েছে, নাগরিকদের তা জানাতে দেশটির ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্গানাইজেশন দেশজুড়ে  মোবাইলে খুদে বার্তা পাঠাচ্ছে।