আগামীকাল বুধবার মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে যাবেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি এলদেরিম।
আজ সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি এ সময় পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন এবং তার সফরের স্মারক হিসেবে একটি চারাগাছ রোপণ করেন।
এছাড়া তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। তিনি এ সময় জাদুঘরের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। তুরস্কের প্রধানমন্ত্রী শের-ই-বাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ইউনিট উদ্বোধন করেন।
বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি এলদেরিম রোহিঙ্গাসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি এম আবদুল হামিদের সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি এলদেরিমর স্বাক্ষাতের কথা রয়েছে। এছাড়া রাতে তার সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এক নৈশভোজের যোগ দিবেন তিনি।
মূলত বিনালি ইলদ্রিম রোহিঙ্গা সমস্যার মতো আঞ্চলিক বিষয়টিকে অগ্রাধিকার দিলেও ঢাকায় এসে দুই দেশের সম্পর্কের ‘পুরোনো ক্ষত’ মেরামতের পদক্ষেপ হিসেবে দেখছেন কূটনীতিক-বিশ্লেষকেরা। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রশ্নে যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে সম্পর্কে তিক্ততা সৃষ্টি করেছিল তুরস্ক। বিনালি ইলদিরিম বুধবার তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
উল্লেখ্য, তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগান এবং পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু গত সেপ্টেম্বরে বাংলাদেশে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।
