আন্তর্জাতিক বাজারে আস্থার শীর্ষে রুপা, দ্বিতীয় স্বর্ণ




স্বর্ণের দামে তেজিভাব বজায় রয়েছে। বর্তমানে এক মাসের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে মূল্যবান ধাতুটি। অন্যদিকে প্লাটিনামকে ছাপিয়ে প্যালাডিয়ামের দাম ১৭ বছরের সর্বোচ্চে উঠেছে। এর পরও ২০১৮ সালে মূল্যবান ধাতুর বাজারে রুপার ওপর আস্থা রাখছেন বিনিয়োগকারীরা।
পর পর দুই বছর ধাতুর বাজারে প্রত্যাশার তুলনায় ভালো অবস্থান ধরে রাখায় বাজার বিশ্লেষক ও বিনিয়োগকারীদের আস্থা জিতে নিয়েছে রুপা। আগামী বছরে আস্থার জায়গা থেকে রুপার পরই থাকবে স্বর্ণের অবস্থান। কানাডার মূল্যবান ধাতু ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠান কিটকোর সাম্প্রতিক এক জরিপভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিনিয়োগকারী, পণ্যবাজার বিশ্লেষক, উত্তোলনকারী, ক্রেতা-বিক্রেতাসহ মোট ৩৮৬ জন স্টেকহোল্ডার কিটকোর জরিপে অংশ নিয়েছেন। তাদের মধ্যে ১৫১ জন বা ৩৯ শতাংশ মনে করছেন, ২০১৮ সালে ধাতুর বাজারে রুপা প্রত্যাশার তুলনায় ভালো করবে। বিনিয়োগের ক্ষেত্রে রুপার বাজারকে তুলনামূলক নিরাপদ ও লাভজনক মনে করছেন তারা। এর পরই রয়েছে স্বর্ণের অবস্থান। জরিপে অংশগ্রহণকারীদের ২৭ শতাংশ স্বর্ণের বাজারে আস্থা রেখেছেন। বিনিয়োগকারীদের আস্থার জায়গা থেকে তৃতীয় অবস্থানে আছে তামা। জরিপে অংশগ্রহণকারীদের ২৫ শতাংশ তামার প্রতি নিজেদের আস্থার কথা জানিয়েছেন। বিদায়ী বছরে মূল্যবান ধাতুর বাজারে প্যালাডিয়ামের পারফরম্যান্স বেশ ভালো ছিল।
তবে আগামী বছর পণ্যটির ওপর আস্থা রেখেছেন মাত্র ৫ শতাংশ অংশগ্রহণকারী। বিগত কয়েক বছর ভালো পারফরম্যান্স দেখালেও ২০১৭ সালে প্যালাডিয়ামের তুলনায় পিছিয়ে পড়েছে আরেক মূল্যবান ধাতু প্লাটিনামের বাজার। এর জের ধরে বিনিয়োগকারীদের আস্থাও কমেছে। আগামী বছর প্লাটিনাম প্রত্যাশার তুলনায় ভালো ফলাফল দেখাতে পারে, এমনটা মনে করছেন মাত্র ৪ শতাংশ অংশগ্রহণকারী। সেই হিসাবে, আগামী বছর বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন হিসেবে রুপার বাজারে বিনিয়োগ বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষক ও খাতসংশ্লিষ্টরা। এ কারণে বছর শেষে সেরা পারফরমারের তালিকায় রুপার অবস্থান শীর্ষে আসতে পারে বলেও মনে করা হচ্ছে।
জরিপে অংশ নেয়া পণ্যবাজারবিষয়ক সাংবাদিক আন্না গোলুবোভা বলেন, চলতি বছরের শুরু থেকে রুপার বাজারে প্রত্যাশার তুলনায় খুব একটা ভালো অবস্থা দেখা যায়নি। সেই তুলনায় স্বর্ণের বাজার পরিস্থিত বেশ ভালো ছিল। তবে বছরের মাঝামাঝি সময়ের পর থেকে আন্তর্জাতিক রাজনীতি ও ভূরাজনৈতিক উত্তেজনার জের ধরে স্বর্ণের বাজারে বড় উত্থান-পতন দেখা গেছে। সেই তুলনায় রুপার বাজার অনেকটাই স্থিতিশীল ছিল। মূলত এ কারণে বছরের শেষ সময়ে এসে রুপার ওপর বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। আগামী বছরও রুপার বাজার তুলনামূলক স্থির থেকে বিনিয়োগের জন্য সবচেয়ে নিরাপদ ও লাভজনক হিসেবে দেখা দেবে বলে মনে করছেন তারা।
বৃহস্পতিবার স্বর্ণের দামে তেজিভাব দেখা যায়। এদিন স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ২৯৫ ডলার ২১ সেন্টে, যা ২৯ নভেম্বরের পর সর্বোচ্চ। গতকাল পণ্যটির দাম সামান্য কমে আউন্সপ্রতি ১ হাজার ২৯৪ ডলার ৭০ সেন্টে বেচাকেনা হয়েছে। তিন সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে পণ্যটির সাপ্তাহিক বেচাকেনা। সর্বশেষ সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের গড় দাম আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। মাসভিত্তিক হিসাবেও চলতি মাসে পণ্যটির গড় দাম আগস্টের পর সর্বোচ্চ ছিল।
মূলত ডলারের বিনিময় মূল্য কমার জেরে স্বর্ণের বাজারে তেজিভাব বজায় রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিনিয়োগকারীরা মনে করেছিলেন, যুক্তরাষ্ট্রের নতুন করনীতি, ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি ও চলতি বছর শক্তিশালী প্রবৃদ্ধির জেরে ডলার শক্তিশালী অবস্থানে যাবে। তবে বাস্তবে ভিন্ন চিত্র দেখা গেছে। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র অর্জনের ইস্যুতে উত্তর কোরিয়ার সঙ্গে মার্কিন প্রশাসনের উত্তেজনা উত্তরোত্তর বাড়ছে।