আন্তর্জাতিক বাজারে আগের দিনের তুলনায় কমেছে পরিশোধিত ও অপরিশোধিত দুই ধরনের চিনির দাম। সরবরাহের তুলনায় বেচাকেনা কম হওয়ার জের ধরে চিনির বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) গতকাল অপরিশোধিত চিনির দাম আগের দিনের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ কমেছে। দিন শেষে মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি পাউন্ড অপরিশোধিত চিনি বিক্রি হয় ১৪ দশমিক ৬৮ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৪০ সেন্ট কম।
দিনের শুরুতে পণ্যটির দাম ১৪ দশমিক ৫৪ সেন্টে নেমে গিয়েছিল, যা আগের দিনের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ কম। অন্যদিকে এদিন প্রতি টন পরিশোধিত চিনির দাম আগের দিনের তুলনায় ৯ ডলার ১০ সেন্ট কমেছে। আইসিইতে দিন শেষে মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি টন পরিশোধিত চিনি বিক্রি হয় ৩৮৭ ডলার ৬০ সেন্টে, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ কম।
মুম্বাইভিত্তিক ট্রপিক্যাল রিসার্চ সার্ভিসের এক নোটে বলা হয়, ব্রাজিল, থাইল্যান্ড ও ভারতসহ কয়েকটি দেশে এবারের মৌসুমে চিনি উৎপাদন বেড়েছে। ফলে এসব দেশ থেকে আন্তর্জাতিক বাজারে পণ্যটির সরবরাহও অন্যান্য সময়ের তুলনায় বেশি রয়েছে। তবে সে তুলনায় খাদ্যপণ্যটির বেচাকেনা বাড়েনি। এ কারণে চিনির দামে মন্দাভাব বজায় রয়েছে।
